সান্ডারল্যান্ডে সৈয়দ সুহেল আহমদকে স্মর সাবেক ফুটবলারদের উদ্যোগে শোকসভা
যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে সৈয়দপুর তরুণ সংঘের সাবেক কৃতি ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সৈয়দ সুহেল আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সান্ডারল্যান্ড বাংলাদেশি কমিউনিটি সেন্টারে সৈয়দপুর তরুণ সংঘের ৮০ ও ৯০-এর দশকের সাবেক ফুটবলারদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মরহুম সৈয়দ সুহেল আহমদ গত ২৩ জুলাই ২০২৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সৈয়দপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান সুহেল আহমদ ক্রীড়াঙ্গনের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডেও পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লিডসে বসবাস করে তিনি স্থানীয় বাঙালি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু, সাবেক সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর স্মৃতি ও ক্রীড়াজীবনকে স্মরণ করতে সান্ডারল্যান্ডে আয়োজিত শোকসভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাবেক খেলোয়াড়, কমিউনিটি নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরহুমের জীবন, কর্ম ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।
শোকসভায় সভাপতিত্ব করেন সৈয়দ শামসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর তরুণ সংঘের সাবেক কৃতি ফুটবলার ও সান্ডারল্যান্ড বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সৈয়দ মোয়াজ্জিল।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ মুকাররাবিন আহমদ। দোয়া পরিচালনা করেন সান্ডারল্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ সুয়েব আহমদ।
অনুষ্ঠানে মরহুম সৈয়দ সুহেল আহমদের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বার্মিংহাম জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ খসরু এবং ডার্লিংটন মসজিদের ইমাম সৈয়দ সাবির আহমদ।
শোকসভায় প্রধান অতিথি ছিলেন স্কটল্যান্ড পার্লামেন্টের সাবেক এমপি ফয়সাল আহমেদ এমবিই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও গীতিকবি সৈয়দ দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্ডারল্যান্ডের লর্ড মেয়র এহতেশামুল হক, সৈয়দপুর গ্রামের প্রবীণ মুরব্বি ও সাবেক মেম্বার সৈয়দ হাবিবুর রহমান, শিল্পপতি সুফি আহমদ এবং সান্ডারল্যান্ড কমিউনিটি সেন্টারের সাবেক চেয়ারম্যান সৈয়দ খালিদ মিয়া অলিদ।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ হাবিবুর রহমান, সৈয়দ খালিদ মিয়া অলিদ, সৈয়দ ধলা মিয়া, সৈয়দ শামসুল হক, সৈয়দ শহিদ মিয়া ,সৈয়দ তুহেল আহমদ, সৈয়দ কবির আহমদ, জিবিস আহমদ জিম্মাদার, সৈয়দ জিয়াউল ইসলাম, সৈয়দ মাহমুদ, মকসুদ মিয়া কোরেশী, সৈয়দ জয়নাল আহমদ, সৈয়দ মাহফুজ আহমদ, হাবিবুর রহমান সেলিম ও সৈয়দ শরীফ আহমদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সৈয়দ সুহেল আহমদ শুধু একজন কৃতি ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ও সামাজিকভাবে দায়িত্বশীল মানুষ। তাঁর কর্মময় জীবন ও মানুষের প্রতি আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুম সৈয়দ সুহেল আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করা হয়।



















