উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১৩তম মুসলিম চ্যারিটি রান : ৪শ' হাজার পাউন্ড সংগ্রহের টার্গেট
লন্ডন, ১৪ সেপ্টেম্বর ২০২৬: শতশত মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১৩তম মুসলিম চ্যারিটি রান । ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে এই ৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। আয়োজনে ঘিরে সকাল থেকেই নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ভিক্টোরিয়া পার্ক ।
কেউ দৌড়েছেন, কেউ হেঁটেছেন, আবার কেউ জগিং করেছেন—তবে সবার লক্ষ্য ছিল একটাই, নিজেদের পছন্দের চ্যারিটির জন্য ফান্ড সংগ্রহ করা। ইস্ট লন্ডন মসজিদের প্রত্যাশা, এবারের মুসলিম চ্যারিটি রানের মাধ্যমে বিভিন্ন চ্যারিটি সংস্থা সম্মিলিতভাবে ৪ লাখ পাউন্ডেরও বেশি সংগ্রহ করতে সক্ষম হবে। সংগৃহীত অর্থ বিশ্বের বিভিন্ন দেশে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
দৌড়ে অংশগ্রহণকারীরা সকাল ৯টা থেকেই ভিক্টোরিয়া পার্কে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে নীল রঙের টি-শার্ট পরিহিত অংশগ্রহণকারীদের পদচারণায় গোটা পার্ক উৎসবের রূপ নেয়।
লন্ডন ইস্ট একাডেমির ইয়ার সেভেনের ছাত্র আব্দুর রহমান আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয় । ইয়াহইয়া আলকাস মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদ, সিনিয়র ইমাম শায়খ আনিসুল হক এবং ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী।
এরপর লন্ডন ইস্ট একাডেমির পিই শিক্ষক আশরাফ আলীর পরিচালনায় প্রায় পাঁচ মিনিটের একটি ওয়ার্ম-আপ সেশন অনুষ্ঠিত হয় । ওয়ার্ম-আপ শেষে অংশগ্রহণকারীরা সবাই গিয়ে দাঁড়ান স্টার্টিং পয়েন্টে। সকাল ১০টা ৫৮ মিনিটে হুইসেল বাজতেই শুরু হয় পাঁচ কিলোমিটারের মূল দৌড়।
মাত্র ১৯ মিনিট ১৩ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম স্থান অর্জন করেন সুদানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক মাজিন আবদু । আর ২০ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন ২০ বছর বয়সী মাহবুব রশিদ। তিনি হিউম্যান আপিলের জন্য তহবিল সংগ্রহ করছেন।
এরপর পর্যায়ক্রমে অন্য দৌড়বিদরাও পাঁচ কিলোমিটার পথ শেষ করে ফিনিশিং লাইনে পৌঁছান। সেখানে তাঁদের স্বাগত জানান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মোশতাক আহমদ, ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, সিইও জুনায়েদ আহমদ এবং হেড অব অ্যাসেটস অ্যান্ড অপারেশন্স আসাদ জামান। তাঁরা রানারদের মেডেল পরিয়ে অভিনন্দন জানান।
ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, আজকের আবহাওয়া খুবই চমৎকার। গত বছর এই আয়োজন থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ হয়েছিলো । এবার আমরা আশা করছি আরও বেশি অর্থ সংগ্রহ হবে । তিনি বলেন, এই রান শুধু চ্যারিটির জন্য ফান্ড সংগ্রহই নয়, আমাদের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জনাব মুর্শেদ আরো জানান, আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে নারীদের জন্য আলাদা চ্যারিটি রান অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য সবাইকে নাম নিবন্ধনের আহ্বান জানান তিনি।
ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, এটি একটি চমৎকার দিন। মুসলিম চ্যারিটি রান কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষকে এক কাতারে নিয়ে আসছে। একই সঙ্গে চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আয়োজনে অংশ নেওয়া ও সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানান।
ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী বলেন, আমরা খুবই আনন্দিত। আজ কমিউনিটির মানুষ একটি অসাধারণ দিন উদযাপন করছেন । এক হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন। বড়রা দৌঁড়েছেন, আর শিশুরা বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়েছে। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত আনন্দঘন।
উল্লেখ্য, এবারের মুসলিম চ্যারিটি রানে প্রায় ৩৫টি চ্যারিটি সংগঠন অংশগ্রহণ করে । আর পার্টনার ও স্পনসর হিসেবে ছিলো আমানাহফাই, হিউম্যান আপিল, সুন্নাহ মাস্ক ফাউন্ডেশন, গ্লোবাল এহসান রিলিফ, মুসলিম হেল্প ইউকে, সালাম চ্যারিটি, আগোশ ইউকে, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, মুসলিম চ্যারিটি, হেল্প ইয়াতীম, মুসলিম এইড, কাউন্সিল অব মস্ক অ্যাপ, ইসলামিক রিলিফ, রিড ফাউন্ডেশন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, সাবা রিলিফ এবং ইফ চ্যারিটি।



















