হাউজিং সার্ভিসের উন্নয়নে মতামত জানানোর নতুন সুযোগ টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের
টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের হাউজিং সার্ভিসেস অর্থাত্ আবাসন পরিষেবার উন্নয়ন এবং তাঁদের কমিউনিটিকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ দিতে নতুন একটি \"হাউজিং ইম্প্রুভমেন্ট ফোরাম\" রেজিস্টার চালু করা হয়েছে।
কীভাবে অংশ নেবেন?
কাউন্সিলের নতুন এই উদ্যোগের মাধ্যমে বাসিন্দারা তাঁদের আগ্রহ ও সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে মতামত জরিপ, পরামর্শ গ্রহণ, ফোকাস গ্রুপ, আবাসিক এলাকার পরিদর্শন, রেসিডেন্ট প্যানেল এবং স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান।
কাউন্সিল জানিয়েছে, কেউ চাইলে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে একটি জরিপে অংশ নিতে পারেন। আবার কেউ চাইলে আবাসন পরিষেবার উন্নয়ন নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগও নিতে পারেন। বাসিন্দাদের প্রতিটি মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এবং হাউজিং সার্ভিসকে আরও উন্নত করতে তা কাজে লাগানো হবে।
এই উদ্যোগে অংশ নিতে হাউজিং বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।
বিশেষভাবে, যারা আগে কখনও কাউন্সিলের আবাসন-সংক্রান্ত পরামর্শ বা অংশগ্রহণমূলক কার্যক্রমে যুক্ত হননি, তাদেরও এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
কাউন্সিল জানিয়েছে, টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় জনসংখ্যার প্রতিফলন যেন বাসিন্দাদের অংশগ্রহণের মধ্যেও থাকে, তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিভিন্ন বয়স, পটভূমি ও কমিউনিটির বাসিন্দাদের এই রেজিস্টারে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
হাউজিং সার্ভিস বা আবাসন পরিষেবার উন্নয়নে আপনার মতামত জানাতে এবং ভবিষ্যতের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেতে \"হাউজিং ইম্প্রুভমেন্ট ফোরাম\" রেজিস্টারে নাম রেজিসে্ট্রশন করতে পারেন।
Housing Improvement Forum-এ নিবন্ধন করুন
আপনার কয়েক মিনিটের সময় বা আরও সক্রিয় অংশগ্রহণ, দুটোই কাউন্সিলের আবাসন পরিষেবাকে ভবিষ্যতে আরও উন্নত করতে ভূমিকা রাখতে পারে।



















