img

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

প্রকাশিত :  ১৩:২০, ০৬ অক্টোবর ২০২৬

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

জাতীয় হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আগামী ১০ থেকে ১৭ অক্টোবর এই সচেতনতা সপ্তাহ পালিত হবে।

ব্রিটেনে প্রতিবছর জাতীয়ভাবে হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ পালিত হয়। এটি সরকারের একটি ক্যালেন্ডার কর্মসূচি। এতে সরকারী সংস্থা, পুলিশ, স্থানীয় কাউন্সিল, চ্যারিটি সংগঠন এবং বিভিন্ন সম্প্রদায় একসঙ্গে কাজ করে ঘৃণাজনিত অপরাধ মোকাবিলায় ক্যাম্পেইন পরিচালনা করে। 

এই উদ্যোগ পরিচালনা করে 17-24-30 NHCAW নামের একটি চ্যারিটি সংগঠন। ১৯৯৯ সালের লন্ডন নেল বোমা হামলার স্মরণে সংগঠনটির যাত্রা শুরু হলেও বর্তমানে সংগঠনটি জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন স্মরণ কার্যক্রম এবং ঘৃণাবিরোধী প্রচারণা পরিচালনা করে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাবলিক প্রোটেকশনস অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলার কবির আহমেদ বলেন, ‍‍ “ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটসের গর্বিত ইতিহাস রয়েছে। প্রায় ৯০ বছর আগে ‘ব্যাটল অব কেবল স্ট্রিট’ থেকে শুরু করে ১৯৭৮ সালে আলতাব আলী হত্যাকাণ্ডের পর আমরা সবসময় ঘৃণার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এছাড়াও, ২০১১ ও ২০১৩ সালে ইংলিশ ডিফেন্স লীগকে টাওয়ার হ্যামলেটসে মিছিল করতে বাধা দেওয়া হয়েছিল।

বৈচিত্র্য ও ঐক্যের প্রতি কাউন্সিলের অঙ্গীকার ‘নো প্লেস ফর হেইট’ ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিফলিত হয়, যা জনগণকে ঘৃণার বিরুদ্ধে সোচ্চার হতে এবং শক্তিশালী সম্প্রদায় গড়ে তুলতে উৎসাহিত করে।

কাউন্সিলের হেইট ক্রাইম টিম ঘৃণাজনিত অপরাধ প্রতিরোধে সমন্বয় করে এবং ভুক্তভোগীদের সহায়তা প্রদান করে। টাওয়ার হ্যামলেটস দেশের সবচেয়ে বৈচিত্র্যময় ও সম্প্রীতিপূর্ণ বারাগুলোর একটি, যেখানে ৯১ শতাংশ বাসিন্দা জানিয়েছেন তারা তাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন।

তবে আমরা বিশ্বাস করি, আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। তাই আমরা একটি কর্মসূচিময় সপ্তাহের আয়োজন করেছি, যাতে ভুক্তভোগীরা কোথায় সহায়তা পাবেন ও কীভাবে অভিযোগ করবেন সে সম্পর্কে জানতে পারেন এবং সবাইকে দেখানো যায় যে আমরা একটি বারা হিসেবে ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। টাওয়ার হ্যামলেটস সত্যিই ‘ঘৃণার কোনো স্থান নয়’।”

টাওয়ার হ্যামলেটসে সপ্তাহব্যাপী কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:

১২ অক্টোবর সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত টাউন হলের গ্রোসার্স উইংয়ে অনুষ্ঠিত হবে নো প্লেস ফর হেইট ক্যাম্পেইনের ২০ বছর পূর্তি উদযাপন। এতে অংশ নিতে নিবন্ধন করতে হবে ইভেন্টব্রাইট ( Eventbrite) এর মাধ্যমে।

 ১৪ অক্টোবর বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ইলপ- এর সহযোগিতায় শান্তি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা আলতাব আলী পার্ক থেকে যাত্রা শুরু করে ব্র্যাডি সেন্টারে পৌঁছাবেন, যেখানে বক্তব্য ও আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

 ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টেপনি গ্রিন অ্যাস্ট্রোটার্ফ পিচে অনুষ্ঠিত হবে নো প্লেস ফর হেইট প্রীতি ফুটবল ম্যাচ।

 আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে চলবে নো প্লেস ফর হেইট প্রদর্শনী। এতে গত ২০ বছরে ক্যাম্পেইনের অর্জন, গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ঘৃণাজনিত অপরাধ মোকাবিলায় এর ইতিবাচক প্রভাব তুলে ধরা হবে।

ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ঘৃণার বিরুদ্ধে অঙ্গীকার (Personal pledge against hate) পেইজে সাইনআপ করার আহ্বান জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

এদিকে, কেউ যদি হেইট ক্রাইমের শিকার হন বা কোনো ভুক্তভোগীকে সহায়তা করতে চান, তাহলে কাউন্সিলের হেইট ক্রাইম (Hate crime) সেবার মাধ্যমে সহায়তা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে এবং জরুরি নয় এমন ক্ষেত্রে ১০১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া Victim Support National Helpline-এর 0808 168 9111 এবং 0808 168 9291 নম্বরেও সহায়তা পাওয়া যাবে।

কমিউনিটি এর আরও খবর

img

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপের পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত :  ১৪:১৪, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২৫, ০৬ অক্টোবর ২০২৬

পূর্ব লন্ডনের হেসেল স্ট্রিটে অবস্থিত সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের আয়োজনে নবম গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য নাজমুল ইসলাম। পরে প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান আব্দুল বায়েছ শিপু ও ইফতেখার আহমদ।

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল বাসির।

নবম গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বাছাই করা ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে আব্দুর রহমান খান সুজা ও বারেক জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মিলাদ ও আনোয়ার জুটি রানার্সআপ এবং পারভেজ ও কলম জুটি দ্বিতীয় রানার্সআপ হন। বিজয়ীদের হাতে গোল্ড কাপের ট্রফি ও নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, খেলাধুলা মানুষের জীবনে মানসিক শান্তি ও আনন্দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাউন্ডটেক ক্যারাম ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ক্লাবের পক্ষ থেকে সহযোগিতার জন্য আবেদন করা হলে কাউন্সিলের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ-এর সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ; LB24-এর ম্যানেজিং এডিটর ও ইউরো বাংলা-এর সম্পাদক এবং তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল; লন্ডন বাংলা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি, আইওন টিভির চিপ রিপোর্টার আব্দুল কাদির মুরাদ, 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কেবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসাইন মুন্না; মেয়রাল অ্যাম্বাসেডর কাউন্সিলর সাদিকুর রহমান ও কাউন্সিলর শফিক ইসলাম; গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের (GSCT UK) চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন; GHH-এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুক আহমেদ এবং সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক শহীদ মানাফসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, প্রবাসে খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা সম্ভব। দীর্ঘদিন ধরে সাউন্ডটেক ক্যারাম ক্লাব খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি ও ক্যারাম খেলাকে জনপ্রিয় করতে যে ভূমিকা পালন করে আসছে, তারা তার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবম গোল্ড কাপ প্রতিযোগিতার আয়োজন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন বারেক, মিলাদ, আনোয়ার, পারভেজ ও মোহাম্মদ কলমসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও নগদ অর্থসহ পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সাউন্ডটেক ক্যারাম ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কমিউনিটি এর আরও খবর