আহত হাতির পেছনে আগুন দেওয়ার চেষ্টা, লোকালয়ে আতঙ্ক ছড়ালেও বন বিভাগের কার্যকর উপস্থিতি কোথায়?
সংগ্রাম দত্ত : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে। হাতিটির চলাচলকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও, তাকে তাড়ানোর নামে যে নিষ্ঠুর আচরণের ভিডিও সামনে এসেছে, তা সত্যিই উদ্বেগজনক ও নিন্দনীয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটিকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তার পেছনের অংশে আগুন দেওয়ার চেষ্টা চলছে। একটি গুরুতর আহত, অসুস্থ ও দুর্বল প্রাণীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আতঙ্কের মুহূর্তেও মানবিকতা ও দায়িত্ববোধ হারিয়ে ফেলা উচিত নয়।
প্রশ্ন হচ্ছে, হাতিটি লোকালয়ে প্রবেশ করার পর তাকে নিরাপদে সরিয়ে নিতে বন বিভাগের কার্যকর তৎপরতা কোথায়? আহত হাতিটির চিকিৎসার পর তার গতিবিধি পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং পুনরায় লোকালয়ে প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা কি নেওয়া হয়েছিল?
বন সংকুচিত হচ্ছে, হাতির বিচরণপথ বাধাগ্রস্ত হচ্ছে, খাদ্য ও আশ্রয়ের সংকট বাড়ছে। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের এই বাস্তবতায় শুধু প্রাণীটিকে তাড়িয়ে দেওয়া কিংবা তার ওপর নির্যাতন চালানো কোনো সমাধান নয়।
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একই সঙ্গে বন্যপ্রাণীর সুরক্ষাও নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বন বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, স্থানীয় মানুষকে নিরাপদ রাখতে হবে এবং আহত হাতিটিকে আরও নির্যাতন ও বিপদের হাত থেকে রক্ষা করতে হবে।
একটি আহত প্রাণীর ওপর আগুন দেওয়ার চেষ্টা আমাদের শুধু ক্ষোভ নয়, বিবেকের প্রশ্নও জাগিয়ে তোলে। বন হারিয়ে বন্যপ্রাণী যখন লোকালয়ে আসে, তখন তাদের প্রতি নিষ্ঠুরতা নয়, প্রয়োজন দায়িত্বশীল ব্যবস্থাপনা, সহমর্মিতা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ।
বন বাঁচুক, বন্যপ্রাণী বাঁচুক, মানুষও নিরাপদ থাকুক।



















