img

সিলেটে ছাত্রলীগ কর্মীর রগ কর্তনে নিজেরা জড়িত নয় বলে দাবি ছাত্রশিবিরের

প্রকাশিত :  ০৮:০১, ১২ সেপ্টেম্বর ২০২৫

 সিলেটে ছাত্রলীগ কর্মীর রগ কর্তনে নিজেরা জড়িত নয় বলে দাবি ছাত্রশিবিরের

সিলেট নগরে ছাত্রলীগের কর্মী রাহাত হোসেন (২৪) এর উপর হামলা চালিয়ে হাত পায়ের রগ কর্তনের ঘটনায় নিজেরা জড়িত নয় বলে দাবি করেছে ছাত্র শিবির।

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু এমনটি দাবি করেন। বিবৃতিতে তারা এ হামলার ঘটনায় ছাত্র শিবিরকে অভিযুক্ত করে সংবাদ প্রকাশেরও প্রতিবাদ জানান।

এর আগে গত মঙ্গলবার রাতে ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় রাহাতের উপর হামলা হয়।

আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের পরিবার হামলা ও রগ কাটার জন্য ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ আনে।

তবে বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু জানান, সম্প্রতি সিলেটের লাক্কাতুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী রাহাত হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশে ছাত্ররাজনীতিতে ছাত্রলীগ এখন একটি ঘৃণিত নাম। প্রতিষ্ঠালগ্ন থেকে, বিশেষ করে গত ১৬ বছরে ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা ক্যাম্পাসসহ দেশকে অপরাধের এক অভয়ারণ্যে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্মম হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তারা। এসব মানবতাবিরোধী কর্মকাণ্ডের দায়েই সংগঠনটিকে বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের আইন অনুযায়ী, তাদের অপরাধী কর্মকাণ্ডের যথাযথ পদক্ষেপ নেওয়া একমাত্র দায়িত্ব প্রশাসনের। ছাত্রশিবির কখনো আইন হাতে তুলে নেওয়ার পক্ষপাতী নয়।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উক্ত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। কিন্তু কিছু গণমাধ্যম ও ব্যক্তি উক্ত ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, ছাত্র-অধিকার এবং নৈতিক চরিত্র গঠনের পক্ষে কাজ করে আসছে। অতীতে যেভাবে ছাত্রশিবিরকে ষড়যন্ত্রমূলকভাবে অপরাধমূলক ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে, এখনও সেই অপপ্রচারের পুনরাবৃত্তি করা হচ্ছে।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। সাথে সাথে সকল গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”

img

জৈন্তাপুরে মাইক্রোবাস চাপায় পথচারী নিহত

প্রকাশিত :  ০৯:৪৪, ৩১ মে ২০২৬

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাস্থ তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় নোহা গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার ফাদলীপুর গ্রামের বাসিন্দা সৈয়দুর রহমান (৬০)। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত সৈয়দুর রহমান ৬ কন্যা সন্তানের পিতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী সাফা মারওয়া পরিবহনের একটি বাস (সিলেট ব-১১-০১৫৯) সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় বাসটির পেছনে অবস্থানরত পথচারী সৈয়দুর রহমানকে জাফলংগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৬৬২০) চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নোহা গাড়িটি আটক করে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর