সিলেটে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
সিলেট নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২২ মে ) বেলা দেড়টার দিকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিলো। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনার পরে পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে।



















