img

চা শিল্পাঞ্চলে ঝুঁকির মুখে গেলানিয়া ব্রিজ

প্রকাশিত :  ০৮:১৫, ১৬ মে ২০২৬

পাহাড়ি ঢল আর ভাঙনে আতঙ্কে চা-বাগানাঞ্চলের মানুষের জীবনযাত্রা

চা শিল্পাঞ্চলে ঝুঁকির মুখে গেলানিয়া ব্রিজ
সংগ্রাম দত্ত: সিলেট বিভাগের চা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ চান্দপুর-দেউন্দি সড়কের গেলানিয়া ব্রিজ এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের তোড়ে ব্রিটিশ আমলে নির্মিত এই পুরোনো সেতুটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন লালচাঁন, দেউন্দি ও আশপাশের কয়েকটি চা বাগানের হাজারো শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বর্ষা নামলেই আতঙ্ক বাড়ে এ অঞ্চলের মানুষের। পাহাড়ি ঢলে ফুলে-ফেঁপে ওঠা ছড়া আর নিচ দিয়ে তীব্র স্রোতে কাঁপতে থাকে গেলানিয়া ব্রিজ। স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরে সংস্কারের অভাবে সেতুর পিলার ও সংযোগসড়ক দুর্বল হয়ে পড়েছে। এবার কয়েক দিনের ভারী বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সড়কের পাশে মাটি ধসে পড়ছে, কোথাও কোথাও বড় ফাটলও দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সেতুটি সংস্কার কিংবা নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই একটি সেতুর ওপর নির্ভর করছে পুরো এলাকার যোগাযোগব্যবস্থা। সেতুটি ভেঙে গেলে লালচাঁন, দেউন্দি সহ কয়েকটি চা বাগানের সঙ্গে উপজেলার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে।

প্রতিদিন ভোরে শ্রমিকদের দল ঝুঁকি নিয়েই এই সড়ক পার হয়ে কাজে যান। সন্ধ্যায় ফেরার সময়ও একই আতঙ্ক। অনেকেই বলছেন, ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে। তারপরও বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে এটি।

শুধু স্থানীয় মানুষই নন, পর্যটকদের কাছেও এই চা বাগান এলাকা অত্যন্ত আকর্ষণীয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়-টিলা আর সবুজ চা বাগানের মনোরম পরিবেশ দেখতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন। তাদের চলাচলের অন্যতম প্রধান পথও এই চান্দপুর-দেউন্দি সড়ক। ফলে ব্রিজটি ধসে পড়লে পর্যটন ও চা শিল্প—দুই খাতেই বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনার আগেই জরুরি ভিত্তিতে গেলানিয়া ব্রিজ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে যে কোনো সময় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে পুরো চা-বাগানাঞ্চল।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৮ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

প্রকাশিত :  ১২:৪০, ১৬ মে ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৮ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল  জব্দ করতে সক্ষম হয়েছে।

আজ (১৬ মে) বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক এবং পান্থুমাই বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ ও গরু জব্দ করতে সক্ষম হয়। একইসাথে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য- ১ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার ৫ শত টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সিলেটের খবর এর আরও খবর