শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
সংগ্রাম দত্ত: শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ‘শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ’। সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট থেকে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
রোববার (১৭ মে) সকাল ১১টায় শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা মো. মোসাব্বির আল মাসুদ এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে। ফলে অনেকেই প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শহরের একটি পরিবহন প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা এবং পৌরসভার মামলাধীন একটি মার্কেটের ২০-২৫টি দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছেন বলেও জানান।
মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোসাব্বির আল মাসুদ বলেন, শ্রীমঙ্গলে চিহ্নিত মাদক কারবারিদের দৌরাত্ম্যে সামাজিক পরিবেশ ভয়াবহ আকার ধারণ করেছে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গেও মাদকাসক্তদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকেসহ কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে মাদকাসক্তদের হাতে নিহত ব্যক্তিদের স্বজনরা নিহতদের ছবি নিয়ে উপস্থিত হন। তারা আবেগঘন বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজের সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মোসাব্বির আল মাসুদ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। তিনি স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা আয়োজনের দাবি জানান। পাশাপাশি মাদক সংশ্লিষ্টদের আত্মসমর্পণের সুযোগ দিয়ে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার কথাও উল্লেখ করেন। তবে যারা মাদক কার্যক্রম চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ‘সবার শ্রীমঙ্গল-সাবাস শ্রীমঙ্গল’ স্লোগানে মাদক ও চাঁদাবাজিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



















