img

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

প্রকাশিত :  ১৫:০৬, ১২ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।      

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭৭ হাজার ৯৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।    

চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।     

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

img

ঢাকা-দাম্মামের ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

প্রকাশিত :  ১৮:৪৬, ২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে দাম্মামগামী ফ্লাইটগুলো ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চলবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এ ছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরো জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


বাংলাদেশ এর আরও খবর