img

ভারতেই খেলতে হবে এমন কোনো নির্দেশ আইসিসি দেয়নি: বিসিবি

প্রকাশিত :  ০৭:৫০, ০৭ জানুয়ারী ২০২৬

ভারতেই খেলতে হবে এমন কোনো নির্দেশ আইসিসি দেয়নি: বিসিবি

‘হয় ভারতে খেলো, নয়তো পয়েন্ট হারাও’- বাংলাদেশকে এমন হুমকি দিয়েছে আইসিসি দাবি করে মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে এক প্রতিবেদন প্রকাশ করে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইসিসি থেকে এমন কোনো আল্টিমেটাম দেওয়া হয়নি। এমন সংবাদকে ভিত্তিহীন দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

বরং ভেন্যু ও নিরাপত্তা ইস্যুতে দুই সংস্থার মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে।

এর আগে ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের বিসিবির অনুরোধ আইসিসি সরাসরি নাকচ করে দিয়েছে। কিন্তু বিসিবি বলছে ভিন্ন কথা।

বিবৃতিতে বিসিবি জানায়, গণমাধ্যমে প্রকাশিত আলটিমেটাম সংক্রান্ত প্রতিবেদনগুলো সঠিক নয় এবং আইসিসির যোগাযোগের বিষয়বস্তুর সঙ্গে এর কোনো মিল নেই। বিসিবি এর আগে খেলোয়াড়, কর্মকর্তা ও দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল। সেই উদ্বেগের জবাবে আইসিসি ইতিবাচক মনোভাবই দেখিয়েছে।

বিসিবি উল্লেখ করে, ‘আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির উত্থাপিত নিরাপত্তা শঙ্কাগুলো সমাধানে তারা ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’

বোর্ড আরও জানিয়েছে, আসরের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণই বিসিবির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

এদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। এখন দেখার বিষয়, বিসিবি ও আইসিসি কী কী সিদ্ধান্ত নেয়।


img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।