img

বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

প্রকাশিত :  ১২:২২, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:২৭, ১৮ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের
নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে না–ও পারে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আইসিসির প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের পাশাপাশি ঢাকায় এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করলেও এখনো কোনো সুনির্দিষ্ট সমাধান দিতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মানা না হলে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান—এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ এনে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া। জনগণের তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয় কলকাতা। এমন পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। জবাব পাওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং প্রতিবেদনের লিংকসহ দ্বিতীয় দফায় আইসিসিকে চিঠি দেন আমিনুল ইসলাম বুলবুলরা। সমস্যা নিরসনে কদিন আগে ভিডিও কনফারেন্সে বিসিবির সঙ্গে বৈঠকও করেছে আইসিসি।

যেখানে বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেন আইসিসির প্রতিনিধিরা। যদিও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ। এমতাবস্থায় সমস্যা সমাধানে ১৭ জানুয়ারি ঢাকায় এসেছিলেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।

রাজধানীর পাঁচ তারকা হোটেলে আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠক করে আবারও ভারতে না যাওয়ার কথা জানিয়েছেন বিসিবির কর্তারা। ভেন্যু স্থানান্তর ইস্যুতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান।

এদিকে ঢাকায় হওয়া বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের আলোচনাও হয়েছে। গুঞ্জন রয়েছে ‘বি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে দেয়া হবে এবং তাদের জায়গায় ‘বি’ গ্রুপে দেয়া হবে বাংলাদেশ। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা পরিষ্কার ও চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের সরানো হবে না। গ্রুপ পর্বে আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কাতেই খেলছি।’
img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।