img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। 


img

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!

প্রকাশিত :  ১১:০১, ২০ অক্টোবর ২০২৬

ক্রিস্টিয়ানো রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞা ৩০ দিনের, জরিমানা ২৫৫ ইউরো (৩৫ হাজার টাকা)। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার কাছে এই জরিমানা কতটা ধাক্কার? হিসাব বলছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে তার বার্ষিক বেতন অনুযায়ী জরিমানার সমপরিমাণ অর্থ আয় করতে সময় লাগতে পারে মাত্র ৪০ সেকেন্ড!

কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ‘নামকাওয়াস্তে’ শাস্তির মুখে পড়েছেন রোনালদো—এই খবর এখন অনেকেরই জানা।

তার জরিমানার অঙ্কটি দেখার পর তো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি চলছে।  

আল নাসর রোনালদোকে বছরে আনুমানিক ২০ কোটি ৮৪ লাখ ইউরো বেতন দেয়, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৮শ ৯১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার টাকা! প্রতি সেকেন্ডে আয় দাঁড়ায় ৬ দশমিক ৬১ ইউরো (৯১৭ টাকা)।

সেই হিসেবে রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা পরিশোধ করতে দরকার মাত্র ৪০ সেকেন্ডের বেতন। অর্থাৎ, সাধারণ মানুষের কাছে যে অঙ্কটি বড়, রোনালদোর কাছে তা অনেকটা চায়ের বিলের মতো!

এ তো গেল জরিমানার কথা।

৩০ দিনের নিষেধাজ্ঞাও রোনালদোর জাতীয় দলের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। কারণ তার সাজা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে; শেষ হবে ৩০ অক্টোবর। 

অর্থাৎ, রোনালদো ২০ দিনের নিষেধাজ্ঞা এরই মধ্যে ভোগ করে ফেলেছেন। বাকি আর ১০ দিন।

এই সময়ের মধ্যে পর্তুগালের কোনো ম্যাচ নেই। 

আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে খেলবে পর্তুগাল। সব মিটমাট হয়ে উয়েফা নেশনস লিগের এই দুই ম্যাচে রোনালদোকে আবার দেশের জার্সিতে দেখা যেতে পারে।