img

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

প্রকাশিত :  ০৭:৪৩, ১৩ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৬, ১৩ আগষ্ট ২০২৬

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

ডারউইনে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি পেস আক্রমণে এবাদত হোসেনসহ অন্য বোলাররাও অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর ধারাবাহিক চাপ তৈরি করেন।

ফলে ডারউইনের প্রথম টেস্টের শুরুতেই দুর্দান্ত অবস্থানে চলে এসেছে বাংলাদেশ।

ডারউইন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন স্টিভেন স্মিথ। বাংলাদেশের হয়ে বল হাতে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন হাসান।

ডারউইনের বাউন্সি উইকেটে নতুন বলের বাড়তি সুবিধা কাজে লাগান তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসান দুর্দান্ত ছিলেন। দুই দিকেই সুইংয়ের সঙ্গে বাড়তি বাউন্সও আদায় করে নেন এই পেসার। তার করা ইনিংসের তৃতীয় ওভারেই বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলেছিলেন ট্রাভিস হেড। তবে বল পড়ে নিরাপদ জায়গায়। ফলে সেই যাত্রায় বেঁচে যান এই ওপেনার।

নিয়মিত ভালো লাইন-লেংথে বোলিং করার পুরস্কার পেতে কিছুটা সময় লেগেছে বাংলাদেশের। প্রথম ব্রেকথ্রু পেতে অপেক্ষা করতে হয় ১২তম ওভার পর্যন্ত। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে করেন হাসান। সেখানে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে জমা পড়ে বল। ২৩ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪৫ রানের উদ্বোধনী জুটি।

নিজের ফিরতি ওভারে আবারো আঘাত হানেন হাসান। এবার তার শিকার আরেক ওপেনার ট্রাভিস হেড। ১৪ তম ওভারে চতুর্থ বলে গুড লেংথ থেকে ইন সুইং করা বল ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে। ফেরার আগে হেড করেন ২২ রান।

১৭তম ওভারে এবাদত হোসেনের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা তানজিদ তামিম সেটা রাখতে পারেননি। জায়গায় দাঁড়িয়েও বল হাতে জমাতে না পারায় মাথায় হাত দেয় পুরো বাংলাদেশ! তবে নিজের প্রথম শিকার ধরতে খুব একটা অপেক্ষা করতে হয়নি এবাদতকে। ফিরতি ওভারেই মার্নাস ল্যাবুশেনকে ফেরান এই পেসার।

১৯তম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে গুড লেংথে করেছিলেন এবাদত। সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট সাইড এজে বল যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত আর কোনো ভুল করেননি। ২০ বল খেলে মাত্র এক রান করতে পেরেছেন ল্যাবুশেন।

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের উদ্ধার করতে কাউন্টার অ্যাটাক বেছে নেন ক্যামেরুন গ্রিন। তাসকিনের করা ২২তম ওভারের প্রথম বলেই ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। তবে গ্রিনের সেই আক্রমণাত্মক মনোভাবের সুযোগ নিতে ফাঁদ পাতে বাংলাদেশ। আর তাতেই পা দেন এই অজি ব্যাটার। ওভারের শেষ বলটি গুড লেংথে করেছিলেন তাসকিন। সেখানে অন সাইডে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে মুশফিকের হাতে ধরা পড়েন গ্রিন। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ১৩ রান করেন তিনি। তাতে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় অজিরা।

লাঞ্চের পর বাংলাদেশি পেসারদের সাবলীল ভাবেই খেলছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। এই সময়ে দ্রুত রানও তুলছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। তাতে বড় জুটি গড়ার পথে হাঁটছিল অজিরা। ভয়ঙ্কর হতে যাওয়া সেই জুটি ভেঙেছেন এবাদত হোসেন।

৩৭তম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে কিছুটা ভেতরে ঢুকেছিল। সেখানে পাঞ্চ করতে চেয়েছিলেন ক্যারি। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে যায় স্টাম্পে। ১৯ রান করে ক্যারি ফেরায় ভাঙে ৫৫ রানের পঞ্চম উইকেট জুটি।

ক্যারি ফেরার পর উইকেটে আসা বো ওয়েবস্টারকে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। ৩৯তম ওভারের তৃতীয় বলে ১০ বলে ১২ রান করা ওয়েবস্টারকে সরাসরি বোল্ড করেন এই পেসার। এরপর প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককেও দ্রুত ফেরায় বাংলাদেশ। দুজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে চা বিরতির আগেই ৮ উইকেট হারায় অজিরা।

চা বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করেন স্মিথ। তাতে হিতে বিপরীত হয়। হাসানের খাটো লেংথের বল এগিয়ে এসে পুল করার চেষ্টা করলে টপ এজ হয়ে বল সোজা উপরে উঠে যায়। ৭১ রান করা স্মিথকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন হাসান। এরপর নাথান লায়নকেও ফেরান এই পেসার। তাতে ইনিংসে ৬ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। 

img

ড্রেসিংরুমে অঝোরে কাঁদলেন রোনালদো

প্রকাশিত :  ১১:৫৯, ২৮ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০৩, ২৮ আগষ্ট ২০২৬

আল-ইত্তিফাকের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ১০ জনের দল নিয়ে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে ছিলেন না রোনালদো; তবে সৌদি ক্রীড়া ব্যক্তিত্ব খালিদ আল-শানিফের দাবি, ম্যাচ শেষে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে প্রথমার্ধের পর তাকে তুলে নেন কোচ আঞ্জে পস্তেকোগলু। তার জায়গায় মাঠে নামেন আবদুল্লাহ আল-খাইবারি।

রোনালদোকে তুলে নেওয়ার কারণ নিয়েও পরে আলোচনা শুরু হয়। সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফ দাবি করেন, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় বিরতির সময় মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন রোনালদো। তবে সতীর্থরা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

আল-নাসরের প্রত্যাবর্তনটিও ছিল অবিশ্বাস্য। দুই গোল পিছিয়ে থাকার পাশাপাশি ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

তবে রোনালদোকে তুলে নেওয়ার ব্যাখ্যায় ভিন্ন কথা বলেছেন পস্তেকোগলু। আল-নাসর কোচের ভাষ্য, ম্যাচটির আগে রোনালদোর জন্য ৪৫ মিনিট খেলার পরিকল্পনাই ছিল। আগের ম্যাচে ৩০ মিনিট খেলেছিলেন তিনি। এবার ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফেরানোর লক্ষ্যেই তাকে ৪৫ মিনিট খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

খেলাধূলা এর আরও খবর