img

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ

প্রকাশিত :  ০৮:২৫, ১১ অক্টোবর ২০২৬

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ

ইতিহাস গড়লেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। সুখবরটা আগের দিন সংবাদ সম্মেলনে স্পিন কোচ মুশতাক আহমেদ দিয়েছিলেন। বলেছিলেন নতুন বল এলেই বাংলাদেশ ম্যাচে ফিরে আসবে। কিন্তু সেটা এভাবে, তা কে জানত!

সে অবিশ্বাস্য কাজটাই করে বসেছে বাংলাদেশ। ৭ বলের এদিক ওদিকে তুলে নিয়েছে আফগানদের ৪ উইকেট। তবে এই কীর্তি গড়া সম্ভব হয়েছে হাসান মাহমুদের কল্যাণে। এক ওভারেই যে তিনি শেষ করে দিয়েছেন আফগানদের লোয়ার মিডল অর্ডারের পুরোটা!

শুরুটা করেছিলেন ইসমাত আলমকে বোল্ড করে। দারুণ এক ইনসুইঙ্গারে তিনি পরাস্ত করেন আফগানদের নতুন ব্যাটারকে। 

পরের বলে পালা আসে কাইস আহমেদের। তার সর্বনাশ করল হাসানের এক আউটসুইঙ্গার। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে গিয়েছিল পেছনে। দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন লিটন দাস। 

এরপরের বলে নতুন ব্যাটার জিয়া আকবর পরাস্ত হন ভেতরে আসা বলে। তার প্যাডে লাগলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। সেখানে দেখা যায় পিচিং, ইমপ্যাক্ট আর হিটিং সবকিছুতেই জ্বলেছে লাল বাতি। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় হাসানের হ্যাটট্রিক।

টেস্টে বাংলাদেশ হ্যাটট্রিক দেখেছে আরও দুটি। ২০০৩ সালে প্রথম হ্যাটট্রিকটা করেছিলেন অলক কাপালি, এরপর ২০১৩ সালে সোহাগ গাজী। তবে কোনো পেসার এই কীর্তি গড়তে পারেননি। আজ সে অজেয় পর্বতচূড়া জয় করলেন হাসান মাহমুদ। ইতিহাসের পাতায় নাম লেখালেন নিজের।


img

শ্রীলঙ্কার স্বপ্ন ভেঙে চুরমার করে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত :  ১৬:০৯, ১১ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। দলের জয়ে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব।

বুধবার রাজধানীর গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয় খেলা। ম্যাচের শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়। 

বাংলাদেশের গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। খেলার মাত্র ৮মিনিটে হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে শমিত বল জালে জড়ান। গ্যালারি তখন গোলের আনন্দে মাতে। 

খেলার ৪৩তম মিনিটে ইব্রাহিমের বাড়ানো পাস বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলংকার এক ডিফেন্ডারকে। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে। সেই গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতি থেকে ফিরে ৫৩মিনিটে দুর্দান্ত একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলংকার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।