আলোচনা চলমান

img

ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ

প্রকাশিত :  ০৭:৪৯, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৫১, ১৮ এপ্রিল ২০২৬

ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে, গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে নাকচ করে দিয়েছে সরকার।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং বিকেলে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন। রাজস্ব আয় বৃদ্ধি ও ব‍্যাংক-আর্থিক খাতে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। কিছু বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে, এ বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে।

বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন অর্থমন্ত্রী। কিছু ক্ষেত্রে দুই পক্ষ একমত হয়নি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যে বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে, তা হলো আলোচনা চলমান থাকবে এবং আলোচনার মধ‍্য দিয়ে সব বিষয়ে একমত হওয়া সম্ভব। আইএমএফ পরিষ্কারভাবে বলেছে, তারা বাংলাদেশের উন্নয়ন অংশীদার।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদে উন্নয়নের অংশীজন হয়েই আইএমএফ বাংলাদেশের পাশে থাকতে চায়।


অর্থনীতি এর আরও খবর

img

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল

প্রকাশিত :  ১৯:৩৭, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৫৬, ১৮ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, যা ১৫ টাকা বৃদ্ধি।

কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় দাঁড়িয়েছে— এ ক্ষেত্রে বেড়েছে ১৮ টাকা। অকটেনের দাম সবচেয়ে বেশি বেড়েছে; লিটারপ্রতি ১২০ টাকা থেকে ১৪০ টাকায় উন্নীত হয়েছে, অর্থাৎ ২০ টাকা বেড়েছে। অন্যদিকে পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারপ্রতি ১৯ টাকা বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতার প্রভাব এ সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


অর্থনীতি এর আরও খবর