নওমুসলিমদের সহযোগিতার জন্য ইস্ট লন্ডন মসজিদ উদ্বোধন করলো নিউ মুসলিম হাব
লন্ডন, ২৭ এপ্রিল ২০২৬ : নতুন মুসলিমদের বিভিন্নভাবে সহযোগিতার লক্ষ্যে ইস্ট লন্ডন মসজিদ ‘ডিসকভার ওয়ান\' নামে নিউ মুসলিম হাব চালু করেছে।
২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের চতুর্থ তলায় এই হাব-এর অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
নবাগত মুসলিম আন্তোনেলোর কণ্ঠে সূরা আল-ফাতিহা ও সূরা আন-নাসর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা ঘটে । নিউ মুসলিম প্রজেক্টের এনগেজমেন্ট অফিসার ড. নাথান মুসা গাব্বিন্স সূরা আন-নাসরের তাৎপর্য তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মসজিদের সিইও জুনায়েদ আহমেদ বলেন, এই উদ্বোধন এমন একটি মুহূর্ত যার জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর নতুন মুসলিমদের সাথে আলোচনাকালে একটি স্থায়ী ও নির্দিষ্ট জায়গার প্রয়োজনীয়তা বারবার উঠে আসে—এবং এই হাব সেই চাহিদারই
প্রতিফলন । তিনি বলেন, এই হাবটি নতুন মুসলিমদের জন্য গঠনমূলক শিক্ষা, একান্ত পরামর্শ, সামাজিক কার্যক্রম এবং মানসিক সহায়তা প্রদান করবে । তিনি এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা এই সেবাকে আরও বিস্তৃত করতে চাই । নতুন মুসলিম ভাই-বোনদের যে সহায়তা প্রয়োজন, তা অনেক বড়। আমাদের উদ্যোগও সেই অনুযায়ী বাড়াতে হবে।
ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আবদুল-হাই মুর্শেদ বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে নয়, বরং একজন মুসল্লি হিসেবে কথা বলছেন, যিনি প্রথম ১৯৭০-এর দশকের শেষের দিকে শিশু অবস্থায় এই মসজিদে প্রবেশ করেছিলেন।
তিনি বলেন, এটা এমন এক ধরনের সমাবেশ, যা নবী (সাঃ) করতেন। বিভিন্ন পেশা ও জীবনের মানুষ একত্রিত হয়েছেন—কেউ বাধ্য হয়ে নয়, বরং নিজেদের ইচ্ছায়। আপনাদেরকে সর্বোত্তম পুরস্কার দেওয়া হয়েছে- ঈমানের নিয়ামত।” তিনি বলেন এই হাবটি শুধু নতুন মুসলিমদের জন্য একটি সেবাকেন্দ্র নয়, বরং যুক্তরাজ্যের সমগ্র মুসলিম সম্প্রদায়ের একটি যৌথ দায়িত্ব। এটাই এই দেশে মুসলিম হিসেবে আমাদের টিকে থাকার মূল ভিত্তি। আমাদের গড়ে যেতে হবে । এখন পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তা প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোঁটা মাত্র।
ড. নাথান মুসা নতুন মুসলিমদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমাদের জন্য ‘বিশ্বাস’ খুবই গুরুত্বপূর্ণ । ইসলাম গ্রহণ করা অত্যন্ত সুন্দর ও পুরস্কারপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু পরিবার ও বন্ধুদের কারণে এটি অনেক সময় কঠিন হয়ে ওঠে । আমরা এমন একটি কমিউনিটি চাই, যেখানে সিরাহতে বর্ণিত ভালোবাসা ও সহমর্মিতা বাস্তবে দেখা যায়। এই হাব সেই পরিবেশই তৈরি করতে চায়।”
ইস্ট লন্ডন মসজিদের হেড অব প্রেগ্রামস সুফিয়া আলম বলেন, প্রায় পাঁচ বছর আগে একটি গবেষণায় অংশ নিয়ে তিনি গভীরভাবে মর্মাহত হন। সেখানে দেখা যায়, অনেক নতুন মুসলিম যথাযথ সহায়তার অভাবে পরে ইসলাম ত্যাগ করে। তিনি বলেন, আমরা কি সত্যিই এই ভাই-বোনদের পাশে দাঁড়াচ্ছি? ইসলাম গ্রহণ করা একটি বড় ত্যাগ। যদি কেউ শুধু সহযোগিতার অভাবে ইসলাম ছেড়ে দেয়—তাহলে সেটার দায় আমাদের ।
তিনি আরও বলেন, আমরা চাই না আপনি শুধু হাবেই থাকুন। আমরা চাই আপনাকে নামাজের কাতারে, একজন মুসলিম হিসেবে, এমনকি একজন নেতা হিসেবেও দেখতে।”
অনুষ্ঠানের শেষদিকে ব্রাদার আলেক্স ও সিস্টার রীনা তাদের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা ও মসজিদে পাওয়া ভালোবাসা ও সহযোগিতার কথা শেয়ার করেন। অতিথিরা মাগরিবের আগে হাবটি ঘুরে দেখেন এবং উপহার নিয়ে ফিরে যান।
উল্লেখ্য, ‘ডিসকভার ওয়ান নিউ মুসলিম হাব’ ইস্ট লন্ডন মসজিদের দীর্ঘদিনের অঙ্গীকারের একটি নতুন প্রকাশ—নতুন মুসলিমদের সর্বোচ্চ যত্ন ও সহায়তা প্রদান করার লক্ষ্যেই এর যাত্রা শুরু হয়েছে। এই উদ্যোগ চালিয়ে যেতে এবং আরও সম্প্রসারণ করতে প্রয়োজন সবার দোয়া, সহযোগিতা ও দান। প্রতিটি অবদান নতুন মুসলিমদের পাশে দাঁড়াতে সাহায্য করবে।


















