img

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রমফোর্ড রাইডার্সের জার্সি উন্মোচন

প্রকাশিত :  ১৩:১৩, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১৯, ২৪ এপ্রিল ২০২৬

নতুন মৌসুমে নতুন উদ্যমে মাঠে নামার ঘোষণা ক্লাব কর্ণধার রাহুল ইব্রাহিমের

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রমফোর্ড রাইডার্সের জার্সি উন্মোচন

মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: পূর্ব লন্ডনের প্রতিশ্রুতিশীল ক্রিকেট দল রমফোর্ড রাইডার্স তাদের ২০২৬ মৌসুমের নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় Harkness House-এ অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে জার্সির প্রিমিয়ার করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ এবং রমফোর্ড রাইডার্সের পরিচালক মোঃ এখলাছুর রহমান পাক্কুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্পন্সর প্রতিনিধি ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

হলুদ ও কালো রঙের সমন্বয়ে তৈরি নতুন জার্সিতে প্রধান স্পন্সর হিসেবে লাক্স ফার্নিশিং এবং সহযোগী স্পন্সর হিসেবে সিনেমা এডিটস, কুয়াব, ওয়ান শাহাদাহ, রাহুল ইবি আনপ্লাগেড স্টোরি এবং ডান্টন গ্রিল এন্ড স্পাইস-এর লোগো স্থান পেয়েছে। অনুষ্ঠানে দলের লোগো সম্বলিত ব্যানারের সামনে খেলোয়াড় ও অতিথিরা ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা, যার মধ্যে উল্লেখযোগ্য: শহিদুল আলম রতন (সিইও, CKC London; ভিক্টোরিয়া পার্ক T20 ব্লাস্ট), আহবাব হুসাইন (টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার), এমরান রহমান (স্বত্বাধিকারী, লাক্স ফার্নিশিং)।

এছাড়াও উপস্থিত ছিলেন রমফোর্ড রাইডার্সের সহকারী কর্ণধার রেজুওয়ান হুসেন পাবেল এবং দলের অধিনায়ক আমিনুল রহমান ইমন।

পরিচালক মোঃ এখলাছুর রহমান পাক্কু বলেন: “রমফোর্ড রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটি কমিউনিটির তরুণদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নতুন জার্সি আমাদের ঐক্য, শৃঙ্খলা ও জয়ের প্রতীক।”

ক্লাব কর্ণধার রাহুল ইব্রাহিম বলেন: “স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। ‘ওয়ান শাহাদাহ ট্রাস্ট’-এর মাধ্যমে ২০ জন এতিম শিশুর শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা হচ্ছে।”

তিনি আরও জানান, খেলোয়াড়দের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। দেরিতে মাঠে আসলে জরিমানা করা হবে এবং সেই অর্থ ট্রাস্টে দান করা হবে।

প্রসঙ্গত, রমফোর্ড রাইডার্স পূর্ব লন্ডনভিত্তিক একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন, যা গত বছর থেকে বিভিন্ন টুর্নামেন্টে সুনামের সাথে অংশগ্রহণ করে আসছে।

অনুষ্ঠানের শেষে ক্লাবের প্রধান স্পন্সর এমরান রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন: প্রক্সি ভোটের আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল

প্রকাশিত :  ১১:৪০, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৪৩, ২৫ এপ্রিল ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ৭ মে ২০২৬। নির্বাচন উপলক্ষে নির্ধারিত আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলেছে।

নতুন প্রক্সি ভোটের আবেদন (পোস্টাল প্রক্সি বা জরুরি প্রক্সি ব্যতীত) গ্রহণের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। যারা নিজে ভোট দিতে অক্ষম এবং অন্য কাউকে তাদের হয়ে ভোট দেওয়ার অনুমতি দিতে চান, তারা এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রক্সি ভোট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদন করতে ভিজিট করুন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (Apply for a proxy vote - GOV.UK)।

এছাড়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্দিষ্ট নির্বাচন‑সংক্রান্ত ওয়েবপেজগুলোতে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

নিশ্চিত করা ভোটকেন্দ্রের তালিকা,

নির্বাচনী অনিয়ম বা অসদাচরণ রিপোর্ট করার পদ্ধতি,

বৈধভাবে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

ভোটারদের সময়সীমা ও প্রয়োজনীয় তথ্য জানতে নিয়মিত জানতে কাউন্সিলের ওয়েবসাইট (Tower Hamlets Council and Executive Mayor Elections - Thursday 7 May 2026) দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

কমিউনিটি এর আরও খবর