img

লন্ডনে জমজমাট আড্ডায় গণমাধ‍্যমকর্মীদের বৈশাখ উদযাপন

প্রকাশিত :  ০৮:০৮, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ১৮ এপ্রিল ২০২৬

লন্ডনে জমজমাট আড্ডায় গণমাধ‍্যমকর্মীদের বৈশাখ উদযাপন

পূর্ব লন্ডনে জমজমাট আড্ডায় ব্রিটিশ বাংলাদেশি গণমাধ‍্যমকর্মীদের উদ্যোগে বাঁধভাঙা আনন্দোচ্ছ্বাসে পালিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। একটি আনন্দ-আড্ডা কতটা প্রাণবন্ত হতে পারে তার অনন‍্য দৃষ্টান্ত স্থাপিত হয় গতকাল ১৫ এপ্রিল বুধবার পূর্ব লণ্ডনের মাইক্রো বিজনেস সেণ্টারে। তুমুল আনন্দ-উৎসাহের এক অনুপম সন্ধ‍্যা। লণ্ডনে কর্মরত গণমাধ‍্যমকর্মীদের সম্মিলনে এক নির্মল বিনোদনের উৎসব। এ যেন যেমন খুশি তেমন সাজোর আদলে যেমন খুশি তেমন আনন্দ করা!

আয়োজনটি ছিল নববর্ষ উদ‍যাপন উপলক্ষে। সৈয়দ নাহাস পাশার নেতৃত্বে এই বৈশাখী আড্ডাটির আয়োজন করেন লণ্ডন বাংলা প্রেস ক্লাবের গত নির্বাচনে অংশ নেওয়া সাঈম-সালেহ পরিষদ। গানে, কবিতায়, নৃত‍্যে, গল্পকথায় ও খুনসুটিতে প্রাণময় হয়ে উঠেছিল আড্ডাটি। তিন ঘণ্টার এক অনবদ‍্য আয়োজন; যেখানে অভ‍্যাগতদের দেখে মনে হলো সকলেই উপভোগ করছেন সর্বান্তকরণে। সহজাত ভাবগাম্ভির্যের অবগুণ্ঠন সরিয়ে প্রায় সকলেই নিজেদেরকে মেলে ধরেন আপন মনের আমন্ত্রণে, হাস‍্যরসে-কাব‍্যরসে সহকর্মীদের মধুর সনে। বয়সের ব‍্যবধান ডিঙিয়ে অগ্রজরা বাঁধভাঙ্গা আনন্দে মিশে যান অনুজদের সঙ্গে। ফলে বৈশাখী আড্ডাটি ক্রমশ সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে।

অনুষ্ঠানটি শুরু হয় নির্ধারিত সময় থেকে দুই ঘণ্টা পরে। যদিও পরবর্তীতে মচমচে ইলিশভাজা ও কয়েকপ্রকার ভর্তাসমেত মজাদার খিচুড়ি খাইয়ে সে বিলম্ব পুষিয়ে দেওয়া হয়। আমন্ত্রক সাঈম চৌধুরীর সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতে অভ‍্যাগতদের শুভেচ্ছা জানান সৈয়দ নাহাস পাশা ও সালেহ আহমেদ। এরপর একে একে পরিবেশিত হয় বাউল গান, দেশাত্মবোধক গান ও প্রেমের গান। পরিবেশিত হয় বিভিন্ন গানের প‍্যারোডি, কবিতা আবৃত্তি ও নাতিদীর্ঘ যাত্রাপালা। শেষটা হয় অতিথিদের অংশগ্রহণে ধামাইল নৃত‍্যের ঝংকারে। সে কী নৃত‍্য আহা!

সন্ধ‍্যা সাতটায় শুরু হয়ে রাত দশটায় শেষ হওয়া এ আনন্দ-আড্ডাটি শেষ হয়েও যেন শেষ হতে চাইছিল না।

এতে বাউল শহীদ অন‍্যান‍্য গানের পাশাপাশি পরিবেশন করেন বৈশাখ নিয়ে রচিত তাঁর একটি স্বরচিত গান। গানের কথাগুলো এরকম—

বৎসর ঘুরে ফিরে এলো আবার বৈশাখ মাস, হাওড়ে হাওড়ে বইছে ধান কাটার উল্লাস…। নিঃসন্দেহে সুন্দর অর্থবোধের কথা!

ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার পরিবেশন করেন দেবব্রত সিংহের তেজ কবিতাটি। আঞ্চলিক ভাষায় লিখিত কবিতাটি তাঁর আবৃত্তিতে আরো উপভোগ‍্য হয়ে ওঠে।

মামুনুর রশীদ পাঠ করেন স্বরচিত পুঁথি। তাঁর পুঁথিতে আবহমান বাংলার ঋতু বৈচিত্র, নৈসর্গিক সৌন্দর্য ও বাঙালি সংস্কৃতির ঐতিহ‍্য চিত্রিত হয় ছন্দময়তায়।

সুজন সখী গানটি পরিবেশন করেন জিয়াউর রহমান সাকলায়েন। উদয় শংকর দাস হেমন্ত মুখোপাধ‍্যায়ের আমায় প্রশ্ন করে গানটি সহ কয়েকটি গানের প‍্যারোডি উপস্থাপন করে অনুষ্ঠানের আনন্দে যোগ করে ভিন্নমাত্রা। বিভিন্ন গানের প‍্যারোডি পরিবেশনাকালে স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে আনন্দে সামিল হন সহকর্মীদের অনেকেই।

ঊর্মি মাযহার ও সারওয়ার-ই আলম পরিবেশন করেন বৈশাখ ও মেঘবালিকা নিয়ে রচিত সারওয়ার-ই আলমের কবিতা বোশেখ ও মেঘবালিকার কথোপকথন।

এরপর এলেন আহমেদ ময়েজ। মূলত কবি হলেও মরমি ধারার সঙ্গীতে তাঁর রয়েছে গভীর একাগ্রতা। তিনি পরিবেশন করেন একখান বাশির সুরে গো মন মথুরা নাচে বৃন্দাবন— গানটি।

এরপর কবিতা নিয়ে আসেন মিসবাহ জামাল। রূপি আমিন তাঁর পরিবেশনা শুরু করেন সাবিনা ইয়াসমিনের গান দিয়ে। বহুল জনপ্রিয়— এই মন তোমাকে দিলাম— তাঁর কণ্ঠে এ গানটি আড্ডায় সুরের আবেশ ছড়িয়ে দেয়। তাঁকে তবলায় সঙ্গ দেন সুবাস দাস। তাঁর কণ্ঠে ডাকাতিয়া বাঁশি গানটিও ছিল বেশ উপভোগ‍্য।

গানের ধারাবাহিকতা চলছে তো চলছেই। মঞ্চটি ছিল অনেকটা সকলের জন‍্য উন্মুক্ত। সহকর্মীদেরকে কে কীভাবে মুগ্ধ করতে পারবেন এ নিয়ে ছিল এক নীরব প্রতিযোগিতা। আর এ মধুর প্রতিযোগিতাই মূলত সন্ধ‍্যাটিকে নির্দিষ্ট কারো নয়, সকলের করে তোলে; করে তোলে সর্বজনীন।

বাংলা সিনেমার বহুল জনপ্রিয়— নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম— গানটি হেলেদুলে আনন্দচিত্তে পরিবেশন করেন লুৎফুন্নাহার বেবি। দর্শকসারি থেকে সহকর্মীদের অনেকেই সমস্বরে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে এ পরিবেশনাটিকে আরো উপভোগ‍্য করে তোলেন।

আইলারে নয়া দামান আসমানেরও তারা গানটির পরিবেশনা অনুষ্ঠানটিকে বেশ প্রাণিত করে। বাউল শহীদের কণ্ঠে পরিবেশিত এ জনপ্রিয় গানটি পরিবেশনের সময় নয়া দামানের ভূমিকায় অবতীর্ণ হন সৈয়দ আনাস পাশা। বর্ণিল লুঙ্গি পরে এবং মুখে ধার করা রুমাল নিয়ে গানের সুরে সুরে, তালে তালে কয়েকজন বরযাত্রীসহ লাজুক ভঙ্গীতে সমগ্র হলে তাঁর ঘুরে বেড়ানোর দৃশ‍্যটি ছিল দারুণ উপভোগ‍্য।

ততক্ষণে রাত প্রায় ন’টা। হলভর্তি দর্শক। প্রায় সকলেই গণমাধ‍্যম বা সংবাদমাধ‍্যমকর্মী। একেবারে উপচেপড়া ভিড়। আনন্দে আনন্দে জমে উঠছিল আড্ডাটি। আবু মুসা হাসান এলেন আমার স্বপ্নে দেখা রাজকন‍্যা গানটি নিয়ে। গাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি মূলত এটি পাঠ করে গেলেন গদ‍্য পড়ার মতো করে। তাঁর এই রসবোধ সহকর্মীরা এতটাই পছন্দ করলেন যে সমস্বরে অনেককে বলতে শোনা গেল দুর্দান্ত গান, অসাধারণ পরিবেশনা, আহা কী সুর, আহা কী সুমধুর!

পলি রহমান ও হাফসা নূর যৌথভাবে পরিবেশন করেন তোমার ঘরে বসত করে কয়জনা গানটি। গানটির শেষ দিকটায় এসে পলি রহমান যে টান দিয়েছেন তা ছিল দর্শকদের শ্রবণেন্দ্রিয়ের জন‍্য এক বিরাট পরীক্ষা! আমরা সহকর্মীরা সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে ক্রমাগত পৌঁছে যাচ্ছিলাম আনন্দের অনতিক্রম‍্য উচ্চতায়।

এরপর হিলাল সাইফ নিয়ে এলেন স্বরচিত ছড়া। তীর্যক বক্তব‍্য সন্নিবেশিত ছড়াটি ছিল অর্থবহ। শুরুর কথাগুলো এরকম— বলতে পারেন কোন সে কাজে আপনার আমার হয় না খরচা? পরচর্চা, পরচর্চা।

ছড়ার পরে আবারো গান। এবার গান নিয়ে এলেন মাসুদ হাসান খান। তিনি পরিবেশন করেন তাঁর স্ত্রীর পছন্দের— আমার বুকের মধ‍্যেখানে মন যেখানে হৃদয় যেখানে গানটি।

অনুষ্ঠানে ভিন্নতা আনতে যুক্ত করা হয় নাতিদীর্ঘ যাত্রাপালাও। নাম— গরম দেশের গরম রাজা। সাঈম চৌধুরী রচিত এ যাত্রাপালায় অভিনয় করেন ঊর্মি মাযহার, মোঃ সালাউদ্দিন ও আবদুল কাদির মুরাদ চৌধুরী। যাত্রাটি বেশ প্রশংসা কুড়ায়।

যাত্রাপালার আবেশে দর্শকেরা যখন মুগ্ধ তখন হামিদ মোহাম্মাদ এলেন তাঁর আমার খালি ডর লাগের তোমারে নিয়া কবিতাটি নিয়ে।

গানে, কবিতায় ও যাত্রাপালায় প্রাণে প্রাণে প্রাণিত হচ্ছিল সন্ধ‍্যাটি। কিন্তু বাঙালি আর যাই করুক না কেন ভুরিভোজ ছাড়া যে তাঁদের মন ভরানো যাবে না আয়োজকেরা সম্ভবত সে কথাটি ঠিকই মাথায় রেখেছিলেন। সে জন‍্য আয়োজনে ছিল নববর্ষ উদযাপনের অনিবার্য অনুষঙ্গ ইলিশ। এ পর্বে ইলিশের সঙ্গে অবশ‍্য পান্তা নয়, পরিবেশিত হয় মজাদার খিচুড়ি এবং সেই সঙ্গে কয়েক প্রকার ভর্তা। শেষে সুস্বাদু মিষ্টান্ন।

রসনাতৃপ্ত করে অভ‍্যাগতরা যখন আরো আরো আনন্দের জন‍্য প্রস্তুত তখন গান নিয়ে এলেন মোস্তফা কামাল মিলন। তিনি একে একে একে আকাশভরা সূর্যতারা, কলকল ছলছল নদী করে টলমল ইত‍্যাদি গান পরিবেশন করে মুগ্ধতা ছড়ান। আর সবশেষে ছিল কালান্দার ও বাউল শহীদের কণ্ঠে কয়েকটি জনপ্রিয় বাংলা গানের পরিবেশনা। গানের সঙ্গে ধামাইল নৃত‍্যে অংশ নেন সৈয়দ নাহাস পাশা, জাকি রেজওয়ানা আনোয়ার, ঊর্মি মাযহার, মাসুদ হাসান খান, সৈয়দ আনাস পাশা, রূপি আমিন, সাঈম চৌধুরী, মুরাদ চৌধুরী, লুনা নাহার, জিয়াউর রহমান সাকলায়েন, শামীমা মিতা, আমিনা আলি, জুয়েল রাজ, সারওয়ার-ই আলম প্রমুখ। একদিকে বাউল শহীদ ও কলন্দর তালুকদারের দরাজ কণ্ঠে জনপ্রিয় ধারার বাংলা গান, অন‍্যদিকে সুরের তালে তালে হেলে দুলে হাততালি দিয়ে ধামাইল নৃত‍্যের মনমুগ্ধকর ঝংকার আর সেই সঙ্গে দর্শকসারি থেকে মুহূর্মুহু করতালি— সবকিছু মিলিয়ে বৈশাখী আড্ডাটি হয়ে উঠেছিল প্রকৃতঅর্থেই বিপুল আনন্দময় ও স্মরণীয় সন্ধ‍্যা। এ সন্ধ‍্যায় বর্ষবরণের বারতায় নির্মল আনন্দ যেমন ছিল, তেমনি ছিল উল্লাস, আবহমান বাংলার ঐতিহ‍্য, এবং ছিল সম্প্রীতি, সৌহার্দ ও অসাম্প্রদায়িকতার বাণী। আর এভাবেই বিলেতে গণমাধ‍্যমকর্মীরা উদযাপন করে বাঙালির প্রাণের উৎসব— পহেলা বৈশাখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিকদের মধ্যে আনেয়ারুজ্জামান চৌধুরী, কবি রাজনীতিক শাহ শামীম আহমেদ, আবদুল আহাদ  চৌধুরী, মানবাধিকার নেতা ড. আনসার আহমদ উল্লাহসহ সুধীজন।

লন্ডনে গণমাধ্যম কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে হাসি, আনন্দ আর গানে উদযাপিত বাংলা নববর্ষ অনুষ্ঠানটি ছিল গত কুড়ি বছরের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত আয়োজন বলে মন্তব্য সুধীজনের।


 


কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচন: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে লেবার পার্টির ২৫ প্রতিশ্রুতি

প্রকাশিত :  ০৯:৫১, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:০২, ১৮ এপ্রিল ২০২৬

জনমত রিপোর্ট: টাওয়ার হ্যামলেটসে আসন্ন মেয়র ও কাউন্সিলার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। আগামী ৭মে টাওয়ার হ্যামলেটস সহ লন্ডনের ৩২টি বারা কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি বারায় নিবা‍র্হী মেয়র নির্বাচিত হবেন এবং সকল কাউন্সিলে মোট ১৮১৭ জন কাউন্সিলার নির্বাচিত হবেন। ক্রয়ডন, হ্যাকনি, লুইশাম, নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটসে হবে নির্বাহী মেয়র নির্বাচন। শুধুমাত্র বাঙ্গালী অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটসে ৪৫জন কাউন্সিলার নির্বাচিত করা হবে। এখানে লেবার পার্টির মনোনীত মেয়র প্রার্থী হচ্ছেন কাউন্সিলার সিরাজুল ইসলাম। তিনি লেবারের সাবেক নির্বাহী মেয়র জন বিগসের সময়ে ডেপুটি মেয়র এবং দুই যুগের বেশি সময় ধরে কাউন্সিলার হিসাবেও টাওয়ার হ্যামলেটসে দায়িত্ব পালন করছেন। 

নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে টাওয়ার হ্যামলেটস পরিচালনায় সকল ক্ষেত্রে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করণের মাধ্যমে একটি জবাবদিহীতামুলক প্রশাসন গঠনের ২৫টি অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম। তিনি বলেন কাউন্সিলের আর্থিক ব্যবস্থাপনায় প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রেই স্ক্রুটিনি করা হবে এবং মেধার ভিত্তিতেই যেকোন চুক্তি করা হবে। সিরাজুল ইসলাম বলেন, নির্বাচিত হলে আমি জনসাধারণদের আমাকে বিশ্বাস করার কথা বলবোনা, তাদের বলবো আমাকে জবাবদিহীতার সম্মুখীন করতে। এই বারায় একক কমিউনিটি হিসাবে সবাইকে সেবা দান করবো। বিভক্তি নয়, কে কোথাকার, কোন কমিউনিটির মানুষ এসব বিবেচ্য না করে সবাইকে ঐকবদ্ধ করার চেষ্টা করবো। তিনি লেবার দলীয় ম্যানিফোষ্টো বা ইশতেহারকে 'ন্যায্য টাওয়ার হ্যামলেটস' আখ্যা দিয়ে বলেন এটি ঘরে ঘরে মানুষের দোরগোড়ায় তাদের সাথে কথা বলে, তাদের উদ্বেগের কথা শোনেই তৈরি করা হয়েছে। এর মাধ্যমেই ২৫টি অঙ্গীকারের কথা এই ইশতেহারে উপস্থাপন করা হয়েছে।

বক্তব্য রাখছেন মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম

স্পিটালফিল্ডসের একটি হলে ইশতেহার ঘোষনার অনুষ্ঠানে লেবার দলীয় সকল কাউন্সিলার প্রাথী‍র্রা ছাড়াও বিপুল সংখ্যক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুশানারা আলী এমপি ও ডন বাটলার এমপি। টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির কাউন্সিলার মার্ক ফ্রান্সিস স্বাগত বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন কাউন্সিলার প্রর্থী ভিক্টোরিয়া লুপটন, কাউন্সিলার আব্দাল উল্লাহ, কাউন্সিলার আসমা ইসলাম, কাউন্সিলার ডেভিড এডগার, কাউন্সিলার আমিনা আলী, রুশনারা আলী এমপি ও ডন বাটলার এমপি। সিরাজুল ইসলাম

রুশনারা আলী মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ভুয়সি প্রশংসা করে বলেন তিনি একজন সত, একনিষ্ট, কঠোর পরিশ্রমী ব্যক্তিত্ব যিনি কমিউনিটির সেবায় তার জীবন নিবেদিত করেছেন।তিনি সবসময় কমিউনিটিকে প্রাধান্য দেন। তিনি এমন এক ব্যক্তিত্ব যার দক্ষতা, সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে মেয়র হিসাবে আমাদের কাউন্সিলকে সুন্দরভাবে পরিচালনা করার। রুশনারা আলী উল্লেখ করেন ২০১০ সালে লেবার পার্টির হাত থেকে কাউন্সিল পরিচালনার দায়িত্ব চলে যাওয়ায় অব্যবস্থাপনার জন্য সরকার টাওয়ার হ্যামলেটসের প্রশাসনে কমিশনার বসায়। একই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটেছে অব্যবস্থাপনার জন্য। সরকার এনভয় নিয়োগ করেছে কাউন্সিল পরিচালনার জন্য যার খেসারত দিতে হচ্ছে জনগনের ও ভোটারদের, ব্যয় হচ্ছে পাবলিক ফান্ড। কাউন্সিলের সেবার অবনতি ঘটেছে। কাউন্সিলের মেরামত সেবা, রক্ষণাবেক্ষণ, এমন এক পযা‍র্য়ে পৌছেছে এমপিদের কেইসলোড বেড়ে গেছে। অথচ এটি এমপিদের দায়িত্ব নয়, মানুষ অসহায় হয়ে আমাদের কাছে আসছেন। এটি কাউন্সিলের দায়িত্ব। আমাদের যদি ভাল সেবা পেতে হয় তাহলে আমাদের ভাল কাউন্সিলার ও কঠোর পরিশ্রমি মেয়র চাই এবং এই মেয়রই হবেন সিরাজুল ইসলাম। লেবার দলীয় সরকার বারায় যে বিনিয়োগ করছে, লেবার দলীয় মেয়র নির্বাচিত হলে এগুলো কাজে লাগানোর জন্য প্রজন্মের এটি একটি সুবর্ণ সুযোগ উল্লেখ করেন তিনি। রুশনারা আলী এমপি 

ডন বাটলার এমপি ম্যানিফেষ্টোর প্রশংসা করে বলেন, এর বার্তা ঘরে ঘরে পৌছে দেয়া জরুরী।এজন্যে সকলকে জানানো প্রয়োজন এতে কি আছে, আপনারা কিভাবে তাদের সাহায্য করবেন এসব ভোটারদের জানা জরুরী।

টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির নির্বাচনি ইশতেহারের ২৫ প্রতিশ্রুতি

সততা এবং ন্যায্য আর্থিক ব্যবস্থাপনা:

১.⁠ ⁠যথাযথ শাসনব্যবস্থা পুনরুদ্ধার করন। 'বেস্ট ভ্যালু' পরিদর্শনে উদ্ঘাটিত ব্যর্থতাগুলো সংশোধন করন এবং স্বজনপ্রীতির সংস্কৃতির অবসান ঘটান। জনগণের অর্থ বিচক্ষণতার সাথে ব্যয় করা হবে এবং যোগ্যতার ভিত্তিতে চুক্তি প্রদান করা হবে।

২.⁠ ⁠কাউন্সিল ট্যাক্স গ্যারান্টি। প্রথম দুই বছরের জন্য কাউন্সিল ট্যাক্সের সাধারণ অংশ স্থির রাখা, শুধুমাত্র সবচেয়ে দুর্বল বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ২% প্রাপ্তবয়স্ক সামাজিক যত্ন কর (অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার প্রিসেপ্ট) প্রয়োগ করন।

৩.⁠ ⁠ন্যায্য ভাড়া। কাউন্সিল ভাড়ার বৃদ্ধি বছরে ২.৫%-এ সীমাবদ্ধ করুন এবং 'লন্ডন লিভিং রেন্ট'-এর অধীনে থাকা ভাড়াটেদের জন্য ভাড়া স্থির রাখা।

৪.⁠ ⁠অংশগ্রহণমূলক বাজেট ব্যবস্থা। আটটি স্থানীয় এলাকার প্রতিটির জন্য ২,৫০,০০০ পাউন্ডের একটি তহবিল পুনরায় চালু করে বাসিন্দাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, যাতে এলাকাগুলোই সিদ্ধান্ত নিতে পারে যে এই অর্থ কীভাবে ব্যয় করা হবে।

ডন বাটলার এমপি

উন্নতমানের আবাসন এবং স্থানীয় অগ্রাধিকার:

৫.সামাজিক আবাসন ৫০০০। ২০৩০ সালের মধ্যে ৫,০০০ সামাজিক আবাসন নির্মাণ বা পুনঃক্রয় করার জন্য সরকারের সাথে কাজ করা, যার মাধ্যমে ১০,০০০ গৃহহীন এবং অতিরিক্ত ভিড়ে বসবাসকারী পরিবারকে পুনর্বাসন করা হবে। অন্যান্য মেয়াদের অধীনে নতুন বাড়ি সরবরাহের পাশাপাশি, যেসকল কাউন্সিল ভাড়াটে বাড়ির মালিকানায় চলে যাবেন, তাদের জন্য নগদ প্রণোদনা প্রদান করা হবে।

৬.⁠ ⁠স্থানীয় ভাড়া প্রদান এবং শিক্ষার নিশ্চয়তা। সমস্ত নতুন কাউন্সিল প্রকল্পে ২৫% স্থানীয় ভাড়ার কোটা প্রয়োগ করা, যাতে পরিবারগুলো তাদের স্কুলের কাছাকাছি থাকতে পারে এবং শিক্ষাগত ব্যাঘাত এড়াতে পারে।

৭.⁠ ⁠কাউন্সিল আবাসনের আধুনিকীকরণ। পুরোনো রান্নাঘর ও বাথরুম প্রতিস্থাপন এবং বাড়িগুলোকে শক্তি-সাশ্রয়ী করে বিল কমানোর জন্য অতিরিক্ত তহবিল বিনিয়োগ করা।

৮.⁠ ⁠ব্যর্থ ব্যবস্থাপনার সংশোধন। ভাড়াটে এবং ইজারাদারদের জন্য মেরামত ও পরিসেবার মান উন্নত করতে হাউজিং ডিরেক্টরেটের উপর কঠোর জনসমীক্ষা পুনঃস্থাপন করা।

৯.⁠ ⁠বাড়ির মালিকানাকে শক্তিশালী করা। একটি কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট মডেল চালু করুন এবং কাউন্সিল ভাড়াটেদের খোলা বাজার থেকে বাড়ি কিনতে সাহায্য করার জন্য নগদ প্রণোদনা প্রকল্পটি পুনর্বহাল করন।

১০.⁠ ⁠হাউজিং অ্যাসোসিয়েশনের জবাবদিহিতা। ব্যর্থ হাউজিং অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে কঠোর কর্মপরিকল্পনা দাবি করন এবং পরিসেবার মান পুনরুদ্ধার না হলে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ নিশ্চিত করন।বক্তব্য রাখছেন মার্ক ফ্রান্সিস

প্রতিটি শিশুর জন্য একটি বিশ্বমানের সূচনা:

১১.⁠ ⁠টিউশন ফি-এর নিশ্চয়তা। কমিউনিটি ল্যাঙ্গুয়েজ পরিসেবা রক্ষা করা এবং পুরো বারা জুড়ে ৫ বছর বয়স থেকে জিসিএসই (GCSE) স্তর পর্যন্ত গণিত ও ইংরেজি টিউশন অন্তর্ভুক্ত করার জন্য এর সম্প্রসারণ করা।

১২.⁠ ⁠সার্বজনীন বিনামূল্যে স্কুল খাবার এবং ইএমএ (EMA)। সকল প্রাথমিক ও মাধ্যমিক শিশুদের জন্য বিনামূল্যে স্কুল খাবার বজায় রাখা এবং এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স ও কাউন্সিলের বিশ্ববিদ্যালয় বৃত্তি সম্পূর্ণরূপে রক্ষা করা।

১৩.⁠ ⁠বিদ্যালয়গুলোর একটি ঐক্যবদ্ধ পরিবার। জিসিএসই (GCSE) এবং এ লেভেল (A Level) এর ফলাফল উন্নত করার লক্ষ্যে পুরো বারা জুড়ে একটি উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়গুলোকে পুনরায় একত্রিত করা এবং স্কুল-পরবর্তী সহায়তায় বিনিয়োগ করা।

১৪.⁠ ⁠প্রারম্ভিক শৈশব ও যুব পরিসেবা। চিলড্রেন'স সেন্টারগুলোতে সহায়তা সম্প্রসারণ করা এবং যুব পরিসেবাগুলো যাতে মেয়ে ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকলের জন্য উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হয় তা নিশ্চিত করা।বক্তব্য রাখছেন কাউন্সিলার আব্দাল উল্লাহ

একটি নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজতর বারা:

১৫.⁠ ⁠নিরাপত্তা এলাকা। পাড়াভিত্তিক পুলিশ দল সম্প্রসারণ করন, পায়ে হেঁটে টহল ব্যবস্থা পুনরুদ্ধার করন এবং আবাসিক এলাকাগুলোতে সিসিটিভি কাভারেজের জন্য ৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করুন।

১৬.⁠ ⁠আমাদের আকাশসীমা রক্ষা করা। উঁচু ভবন নির্মাণের অনুমতিমূলক নীতি বাতিল করার জন্য অ্যাস্পায়ার লোকাল প্ল্যান প্রত্যাহার করন এবং আরও বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা বন্ধ করন।

১৭.⁠ ⁠সবুজায়ন ও বৃক্ষ। পুরো বারা জুড়ে আরও গাছ লাগানো অব্যাহত রাখা, যেখানে গাছগুলো কোথায় লাগানো হবে সে বিষয়ে বাসিন্দাদের সরাসরি মতামত থাকবে, এবং সুস্থ জীবন, খাদ্য উৎপাদন ও শক্তিশালী সম্প্রদায়কে সমর্থন করার জন্য আরও কমিউনিটি গার্ডেন চালু করন।

২০১৯ সালে প্রাথমিকভাবে সম্মত হওয়া অনুযায়ী ৯৯ বছরের নামমাত্র ইজারার মাধ্যমে মাডচুট ফার্মকে রক্ষা করা।

১৮.⁠ ⁠চক্রাকার অর্থনীতি এবং পুনর্ব্যবহার। বাদ পড়া সংগ্রহগুলো সংশোধন করন এবং পুনর্ব্যবহারের উদ্যোগগুলো ফিরিয়ে এনে চক্রাকার অর্থনীতিকে উৎসাহিত করন, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৩৩% পুনর্ব্যবহার করা।

১৯.⁠ ⁠শিশু ও পথচারীদের সুরক্ষা। স্কুল সড়ক সম্প্রসারণ বারার প্রতিটি স্কুলে সড়কপথ নিয়ে যাওয়া এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা লন্ডনের গড়ের নিচে নামিয়ে আনার জন্য কাজ করা।

২০.⁠ ⁠আবাসিকদের জন্য পার্কিং এবং স্বাস্থ্যকর সড়কের পক্ষে। অ্যাসপায়ারের পার্কিং মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা, অকার্যকর পারমিট ব্যবস্থাটি ঠিক করা এবং গাড়ির উপর নির্ভরশীল বাসিন্দাদের সহায়তা করা। পারমিটের জন্য আবেদন এবং নবায়ন সহজ ও সহজলভ্য করা।

গাড়িমুক্ত বাড়িতে স্থানান্তরিত হওয়া পরিবারগুলির জন্য এক মাসের গ্রেস পিরিয়ড চালু করা, কাউন্সিল এস্টেট সহ বারা জুড়ে বৈদ্যুতিক যানবাহন চার্জিংয়ের একটি কর্মসূচিতে বিনিয়োগ করা এবং স্বাস্থ্যকর সড়কের জন্য টাওয়ার হ্যামলেটসকে লন্ডনের শীর্ষ পাঁচটি বারার তালিকায় পুনরুদ্ধার করা।স্মৃতি আজাদ

একটি সহানুভূতিশীল ও প্রাণবন্ত সম্প্রদায়:

২১.⁠ ⁠সেবায় মর্যাদা। বয়স্ক এবং প্রতিবন্ধী বাসিন্দাদের জন্য বিনামূল্যে হোমকেয়ার (গৃহসেবা) চালু রাখা এবং ডে-কেয়ার (দিবাসেবা) পরিসেবার জন্য চার্জ বাতিল করা।

২২.⁠ ⁠একটি ১৫ বছর মেয়াদী দারিদ্র্যবিরোধী পরিকল্পনা। বঞ্চনার মূল কারণগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি দীর্ঘমেয়াদী, ১৫ বছর মেয়াদী দারিদ্র্যবিরোধী কর্মপরিকল্পনা চালু করা, যেখানে কর্মসংস্থান, দক্ষতা, প্রশিক্ষণ এবং শিক্ষানবিশির উপর বিশেষ জোর দেওয়া হবে।

২৩.⁠ ⁠নারী ও মেয়েদের নিরাপত্তা। কাউন্সিলের কেন্দ্রবিন্দুতে নারীর নিরাপত্তা, ক্ষমতায়ন এবং সমতাকে স্থাপন করা। একটি অন্তর্ভুক্তিমূলক নারী কমিশন পুনঃপ্রতিষ্ঠা করা, গার্হস্থ্য নির্যাতন এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক পরিসেবাগুলিকে শক্তিশালী করা, এবং মূল বাজেটে টেকসই তহবিল অন্তর্ভুক্ত করে কাউন্সিলের সমস্ত পরিদপ্তরে এই প্রতিশ্রুতিকে প্রতিষ্ঠা করা।

২৪.⁠ ⁠আমাদের বৈচিত্র্যের উদযাপন। ভিক্টোরিয়া পার্কের আতশবাজি, বৈশাখী মেলা এবং ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল পুনরুদ্ধার করা, পাশাপাশি পুরো বারা জুড়ে বড়দিন এবং ঈদ উদযাপন করা। টাওয়ার হ্যামলেটস মিনি অলিম্পিক, মিনি প্যারাঅলিম্পিক এবং মিনি বিশ্বকাপের মতো অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠানগুলিকে সমর্থন করা।

২৫.⁠ ⁠একজন জবাবদিহিমূলক মেয়র। কাউন্সিলার সিরাজুল ইসলাম এবং লেবার দলের কাউন্সিলাররা নিয়মিত পরামর্শ সভা করবেন এবং সিরাজুল পুরো বারা জুড়ে প্রতি তিন মাস অন্তর 'মেয়রকে জিজ্ঞাসা করন' অনুষ্ঠানের আয়োজন করবেন।

কাউন্সিলার আসমা ইসলাম

টাওয়ার হ্যামলেটসে ৯জন মেয়র প্রার্থী

উল্লেখ্য যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নির্বাহী মেয়র নির্বাচনে আগামী ৭ মে বিভিন্ন দল থেকে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এরা হচ্ছেন:

১. জামি আলী - টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্টস,

২. জন জেরাল্ড বুলার্ড - রিফর্ম ইউকে,

৩. মোহাম্মদ আব্দুল হান্নান - লিবারেল ডেমোক্রাট,

৪. সিরাজুল ইসলাম - লেবার পার্টি,

৫. হিরা খান আদেগুর - গ্রীন পার্টি,

৬. টেরেন্স ম্যাকগ্রানেরা - ইন্ডিপেন্ডেন্ট,

৭. ডমিনিক এইডান নোলান - কনজারভেটিভ,

৮. হিউগো পিয়ারে - ট্রেডইউনিয়নিষ্ট এ্যান্ড সোশালিষ্ট কোয়ালিশন,

৯. লুতফুর রহমান - আসপায়ার।




কমিউনিটি এর আরও খবর