img

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত :  ০৮:৫৩, ২৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।  

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন (২৭) ও নাহিদা এস বৃষ্টি (২৭)। 

ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করা লিমনকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।

পুলিশ জানায়, অন্যদিকে রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।

এই দুই শিক্ষার্থী একে অপরের বন্ধু এবং তারা একসঙ্গে থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ। তবে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার বলছে, তাদের এমনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা নয়।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ এনবিসি নিউজকে বলেন, লিমন খুব দায়িত্বশীল মানুষ। কাউকে না জানিয়ে তার কোথাও চলে যাওয়ার প্রশ্নই ওঠে না।

বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত বলেন, তার বোন প্রতিদিন পরিবারের সঙ্গে কথা বলতেন এবং নিখোঁজ হওয়ার দিনও তার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা হয়েছে। সে এমন কিছুই করবে না, যা আমাদের কষ্ট দেবে।

পরিবারের সদস্যরা আরও বলেন, লিমন ও বৃষ্টির মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল এবং ভবিষ্যৎ নিয়েও তাদের ভাবনা ছিল, যদিও সাম্প্রতিক সময়ে তারা আনুষ্ঠানিক কোনো সম্পর্কে ছিলেন না।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি তার ল্যাপটপ, আইপ্যাড ও অন্যান্য জিনিস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রেখে যান, কেবল তার ফোন ও পার্স ছিল না। অন্যদিকে, লিমনের পাসপোর্ট তার বাসায় পাওয়া গেছে।


কমিউনিটি এর আরও খবর

img

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত :  ০৬:২২, ২২ এপ্রিল ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। নিহত আবু নাসের শামীম (বারা শামীম) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু নাসের শামীম (বারা শামীম)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। বাড়িতে তার স্ত্রী ও চার ছেলে রয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় প্রবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফোর্ডসবার্গ থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান শামীম। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা এক ব্যক্তি তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, মঙ্গলবার বিকেলে ফোর্ডসবার্গ থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান শামীম। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা আবু নাসের শামীম ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কিছু দিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। সে সূত্রে বা অন্য কোনো কারনে তার বাবাকে হত্যা করা হয়েছে কিনা নিশ্চিত নন। 

এসময় তিনি নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন। 

কমিউনিটি এর আরও খবর