ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়লেন মোহাম্মদ আলী হুসাইন
ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার: ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশনের ১০০ বছরের ইতিহাসে প্রথম ব্রিটিশ বাংলাদেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কনভেয়ান্সিং বিশেষজ্ঞ লিগ্যাল এক্সিকিউটিভ (CILEX) মোহাম্মদ আলী হুসাইন। সম্প্রতি তাঁর সহকর্মীদের সর্বসম্মত সিদ্ধান্তে তিনি এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হন।
মোহাম্মদ আলী হুসাইনের এই নিয়োগ একটি ঐতিহাসিক মাইলফলক। বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ গ্রামে জন্মগ্রহণকারী জনাব হুসাইন তাঁর সততা, নিষ্ঠা এবং পেশাগত উৎকর্ষতার জন্য আইন অঙ্গনে দীর্ঘকাল ধরে প্রশংসিত। ওল্ডহ্যামের আইনি ইতিহাসে তাঁর এই অবস্থান কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিশাল গর্বের বিষয়।
বর্তমানে পরিবারসহ ওল্ডহ্যামের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আলী হুসাইন দীর্ঘ সময় ধরে আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর সহকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
অনুভূতি ব্যক্ত করে মোহাম্মদ আলী হুসাইন বলেন, এই দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। আমি পেশাগত মান উন্নয়ন এবং আমাদের কমিউনিটির প্রতিনিধিত্ব বৃদ্ধিতে কাজ করে যেতে চাই।
এই ঐতিহাসিক অর্জন আগামী প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ও একাগ্রতা থাকলে যেকোনো শীর্ষস্থানে পৌঁছানো সম্ভব।



















