img

ফের ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত :  ০৬:৫৯, ০২ জুন ২০২৬

ফের ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন গ্রাহকরা। মঙ্গলবার (০২ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। 

গ্রাহকদের এই আন্দোলনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে কয়েক শত সচেতন গ্রাহক অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের মূল দাবি— ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগ, নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করা।

মানববন্ধনে আব্দুল হান্নান খন্দকার নামে একজন গ্রাহক বলেন, \"ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সঙ্গে সুদমুক্তভাবে পরিচালিত হয়ে গ্রাহকদের আমানত রক্ষা করে আসছে। কিন্তু বিগত স্বৈরাচারী সরকার এই ব্যাংকটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এস আলম গ্রুপকে এর দায়িত্ব দেয়। তারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে একে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল।\"

তিনি আরও বলেন, \"৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাধারণ মানুষ ও প্রবাসীরা আবার এই ব্যাংকে টাকা জমা ও রেমিট্যান্স পাঠানো শুরু করেন। ব্যাংকটি যখন ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই একটি কুচক্রী মহল খুরশিদ আলমকে চেয়ারম্যান করে ব্যাংকটিকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সাধারণ আমানতকারীরা এই ব্যাংককে আর লুণ্ঠনকারীদের হাতে ছেড়ে দেবে না।\"

আরেক আন্দোলনকারী গ্রাহক আবুল খায়ের আজাদ গতকালের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, \"২০১৭ সালে এস আলম গ্রুপ সুকৌশলে ব্যাংকটি দখল করেছিল। আর বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম, যিনি জুলাই বিপ্লবের সময় পালিয়ে গিয়েছিলেন, তিনি একজন ফ্যাসিস্টের দোসর। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতায় এখান থেকে টাকা পাচার হয়েছে।\"

তিনি আরও অভিযোগ করেন, গতকাল জুম মিটিংয়ের মাধ্যমে গ্রাহকবান্ধব অফিসার ও এমডি ওমর ফারুক খানকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে দ্রুত পুনর্বহাল করতে হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে গতকাল সোমবার সকালেও একই দাবিতে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন গ্রাহক ফোরাম। ওই সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছিল।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটির গ্রাহক, কর্মকর্তা ও শেয়ারহোল্ডারদের একটি বড় অংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়, যা এখন রাজপথের আন্দোলনে রূপ নিয়েছে।

জাতীয় এর আরও খবর

img

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রকাশিত :  ০৬:২০, ১৫ জুন ২০২৬

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কথিত পুশইনের শিকার ১২ জন বাংলা ভাষাভাষী নারী, পুরুষ ও শিশু গত শুক্রবার ভোর থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় মানবেতর অবস্থায় রয়েছেন। খাবার, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবের পাশাপাশি তীব্র গরম, রোদ ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করায় তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড গরমের মধ্যে নীল রঙের একটি পলিথিনের ওপর গাদাগাদি করে বসে আছেন কয়েকজন নারী, পুরুষ ও শিশু। দুটি শিশু ঘুমিয়ে আছে, একটি শিশুকে কোলে নিয়ে বসে আছেন এক নারী, আরেকটি শিশুকে অসুস্থ দেখাচ্ছিল। স্থানীয় সূত্র জানায়, শিশুটি জ্বরে আক্রান্ত হয়েছে।

ভিডিওতে এক ব্যক্তি ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘প্রচণ্ড গরমে শিশুদের নিয়ে আমরা টিকতে পারছি না। আপনারা আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। না হলে আমাদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিন। আমরা আর সহ্য করতে পারছি না। শিশুদের নিয়ে আমরা খুবই অসহায় অবস্থায় আছি।’

তিনি আরও দাবি করেন, তাদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। তিনি বলেন, ‘আপনারা যাচাই করে দেখুন, আমরা এ দেশের নাগরিক নাকি রোহিঙ্গা। তদন্ত করে বিষয়টি নিশ্চিত করুন।’

ওই ১২ জন নিজেদের চাপাইনবাগঞ্জ , সাতক্ষীরা এবং ডুমুরিয়া এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে প্রাগপুর বর্ডার এলাকায় ১৪৮/৩-এস সীমান্ত পিলারের পাশ দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানায়। পরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাদের আবার সীমান্তের শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়।

এরপর থেকে সীমান্তঘেঁষা মাথাভাঙ্গা নদীর তীরসংলগ্ন একটি পাটখেতের পাশে তপ্ত রোদ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে তাদের খাবার ও পানি পৌঁছে দিচ্ছেন। রোববার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো তারা সেখানে অবস্থান করছেন।

এদিকে, শুক্রবারের পুশইন ও পুশব্যাকের ঘটনায় শনিবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফ ওই ১২ জনের কাগজপত্র যাচাই-বাছাই করছে। এ প্রক্রিয়া শেষ হলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আপাতত বিষয়টি অমীমাংসিত রয়েছে।