img

ব্যাংকারদের উদ্বেগের পর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত :  ১৬:৩০, ১০ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২৭, ১০ জুন ২০২৬

ব্যাংকারদের উদ্বেগের পর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এবার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিয়ন্ত্রক সংস্থাটিরই নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্তটি জানিয়েছে। মো. আশরাফুল আলম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পাশাপাশি বিভিন্ন কমিটির সভায়ও অংশ নেবেন।

এর আগে আজ সকালে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তাদের মতে, ইসলামী ব্যাংকের বর্তমান সমস্যার দ্রুত সমাধান হলে তাতে ব্যাংক খাতের জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজেদের উদ্বেগের কথা জানান এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। এরপর ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক মো. আশরাফুল আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেছে। ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, এর স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা ও বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়। পর্যবেক্ষক হিসেবে মো. আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ সম্পর্কে অবহিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তাঁকে বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

এর পর থেকে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইসলামী ব্যাংকের ঢাকার দিলকুশার প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একদল গ্রাহক। এরই মধ্যে জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে বির্তক হয়।

এদিকে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক আবারও টাকার সংকটে পড়েছে। চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক ও চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটি থেকে গ্রাহকেরা গত এক সপ্তাহে পাঁচ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন। গ্রাহকের চাহিদা সামাল দিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ব্যাংকটি। তবে এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক।

জাতীয় এর আরও খবর

img

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ০৭:৪৩, ২৬ জুলাই ২০২৬

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী ছয় মাস নিরাপত্তাসহ প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন মো. সাহাবুদ্দিন।

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময়ে সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।

সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে। তবে আমরা আমলে নেয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তাদের সেটির অধিকার আছে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা ছিল- মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, সেটা আছে। এনসিপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে আমলে নেয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন এবং তার প্রটেকশনের জন্য এসএসএফ ও পিজিআরসহ ৬ মাসের একটি বিধান আছে। এ ছাড়াও পুলিশ ও অন্যান্য সংস্থা থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা রয়েছে, তার সব সুবিধা তিনি পাবেন।


জাতীয় এর আরও খবর