img

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার

প্রকাশিত :  ১২:২১, ১৫ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:২৯, ১৫ জুন ২০২৬

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ সোমবার (১৫ জুন) কারাগার থেকে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।    

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা আসামি করে ওয়ারী থানায় মামলাটি দায়ের করেন। 

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। 


img

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৬৫২

প্রকাশিত :  ১৩:৫৩, ১৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:০১, ১৪ জুন ২০২৬

হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

আজ রোববার (১৪ ‍জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে এই চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৬৫২ জনে পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৫ হাজার ৯৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশ এর আরও খবর