img

ডাচদের টাইব্রেকারে স্তব্ধ করে শেষ ষোলোতে মরক্কো

প্রকাশিত :  ০৫:২৫, ৩০ জুন ২০২৬

ডাচদের টাইব্রেকারে স্তব্ধ করে শেষ ষোলোতে মরক্কো

নেদারল্যান্ডস–মরক্কো ম্যাচ বোস্টনে জার্মানি–প্যারাগুয়ে ম্যাচের পথেই এগোচ্ছিল। বোস্টনে যেমন নির্ধারিত সময়ে ১–১ গোলের ড্র দেখার পর অতিরিক্ত সময়ে আর গোল হয়নি, তারপর টাইব্রেকারে গড়িয়েছে ম্যাচ। মন্তেরেইয়েও ঠিক তাই।

তবে টাইব্রেকারে যে মিসের মহড়া দিয়েছে দুই দল, সেটা রীতিমতো অবিশ্বাস্য। শেষ পর্যন্ত মহানাটকীয় এই টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩–২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মরক্কো।

আগের ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর এবার শক্তিশালী নেদারল্যান্ডসও বিদায় নিল স্নায়ুচাপের একই পরীক্ষায় হেরে। জোড়া অঘটনই বলা যায়!

হিউস্টনে আগামী শনিবার শেষ ষোলোর লড়াইয়ে কানাডার মুখোমুখি হবে মরক্কো।

টাইব্রেকারে তিনটি শট মিস করে নেদারল্যান্ডস। তাদের দ্বিতীয় শট জাস্টিন ক্লুইভার্ট পোস্টে মারেন। চতুর্থ শটও পোস্টে মারেন কুইন্টেন টিম্বার। ক্রিসেনসিও সামারভিলের পঞ্চম শটটি ঠেকান মরক্কো গোলকিপার ইয়াসিন বুনু।

মরক্কো টাইব্রেকারে মিস করে দুটি শট। তাদের প্রথম শটটি পোস্টে মারেন মিডফিল্ডার নিল এল আয়নাউয়ি। চতুর্থ শটও পোস্টে মারেন মরক্কো তারকা আশরাফ হাকিমি। পাঁচ নম্বর শটে গিয়ে লক্ষ্যভেদ করে মরক্কোকে দারুণ জয় এনে দেন মিডফিল্ডার ইসমায়েল সাইবারি।

৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। যোগ করা (৯১) সময়ে মরক্কোর হয়ে গোলটি শোধ করেন ইসা দিওপ। অবশ্য ৯৬ মিনিটে মরক্কো ফরোয়ার্ড সুফিয়ান রাহিমি ‘পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ’ থেকে ডাচদের গোলকিপার বার্ট ভারব্রুগেনকে ফাঁকি দিতে পারলে এই ম্যাচ সম্ভবত আর টাইব্রেকারে গড়াত না। কিন্তু অতিরিক্ত সময়ের দুই অর্ধেও কোনো দল আর গোল করতে না পারায় খেলা গড়ায় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে।

শেষ ৩২ দলের রাউন্ডের এ ম্যাচে প্রথমার্ধ এবং পরের অর্ধের বেশ কিছুক্ষণ মিলিয়ে মরক্কোই তুলনামূলক বেশি ভালো খেলেছে। বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিল আফ্রিকার দলটি। কাঁচা ফিনিশিংয়ে গোল আর হয়নি। এভাবে নির্ধারিত সময় যখন গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল, ঠিক তখনই ভাগ্য মুখ তুলে তাকায় গাকপোর প্রতি।

ডাচ উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল মরক্কোর বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধায় পড়ে যাওয়ার আগে কোনোমতে পাস বাড়ান গাকপোর কাছে। বক্সের ভেতর থেকে জোরাল শটে ডাচ ফরোয়ার্ডের গোলে একটি প্রশ্ন উঠতে পারে, মানুষ তৈরি আসলে কোন ধাতুতে?

কোডি এবং তাঁর স্ত্রী নোয়া ফন ডার বিজ মিলে তাদের অনাগত সন্তানের নাম রেখেছিলেন এলিজা রাফায়েল গাকপো। পৃথিবীর আলো আর দেখতে পারেনি গাকপো জুনিয়র। মায়ের পেটে থাকতেই ফিরেছে না ফেরার দেশে। নোয়া নিজেই খবরটি কয়েকদিন আগে জানানোর পর কোডির মনের অবস্থা কী হতে পারে!

সেই শোককে পাথরচাপা দিয়ে কোডি থেকে যান দলের সঙ্গে। ওই গোলটি কি তার সান্ত্বনা–পুরস্কার? গোলের পর হাঁটু মুড়ে বসে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন কোডি গাকপো। বেঞ্চের ডাচ সতীর্থরাও ছুটে গিয়ে তাঁকে ঘিরে ধরে গোলটি উদ্‌যাপন করেন।

কিন্তু ভাগ্য ভেবে রেখেছিল অন্যকিছু। যোগ করা সময়ে মরক্কো মিডফিল্ডার শেমসদিন তালবির বাঁ প্রান্ত থেকে দে্ওয়া ক্রসটি ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ‘ক্লিয়ার’ করার কথা ছিল। কিন্তু পেছন থেকে তাঁর চেয়েও বেশি উচ্চতায় লাফিয়ে সমতাসূচক গোলটি করে ডাচদের স্তব্ধ করে দেন মরক্কো ডিফেন্ডার ইসা দি্ওপ।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

প্রকাশিত :  ০৮:১৪, ৩০ জুন ২০২৬

বাংলাদেশও আছে এবারের বিশ্বকাপে! না দল হিসেবে নয়, দর্শক হিসেবে। আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচ শেষেই বাংলাদেশের সমর্থকেরা উদ্‌যাপন দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর হন। আর ভাইরাল হওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম তো আছেই!

বাংলাদেশের এই আর্জেন্টিনা-ব্রাজিলপ্রীতির খবর পৌঁছে গেছে দুই দলের খেলোয়াড়দের কাছেও। সে কারণেই তো আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর জাপান ম্যাচ শেষে বাংলাদেশ নিয়ে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকারও।

গতকাল রাতে শেষ ৩২–এর ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজিল রুদ্ধশ্বাস জয় পেয়েছে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জয়ের উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশও। এমন সময়ে আলিসনের এই ভালোবাসার বার্তা বাংলাদেশের ব্রাজিল–ভক্তদের হয়তো আরও উদ্বুদ্ধ করবে।

টি স্পোর্টসকে আলিসন বলেন এভাবে, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে যাওয়া ব্রাজিলকে সমতায় ফিরিয়েছিলেন কাসেমিরো। তিনিও ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।’

শেষ ষোলোয় ওঠা ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে বা আইভরিকোস্ট। শেষ ৩২–এর ম্যাচে আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিপক্ষে। সেই ম্যাচটি হবে আগামী ৪ জুলাই।

খেলাধূলা এর আরও খবর