img

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

প্রকাশিত :  ০৬:৩২, ০৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪৪, ০৭ জুলাই ২০২৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি তুরস্কের কাছে উন্নত অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহু এ বিষয়টি উত্থাপন করেন। তিনি ট্রাম্পকে অনুরোধ করেন, তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বা এর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি ও যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির বিষয়ে সতর্ক থাকতে।

চলতি সপ্তাহে ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের তুরস্ক সফরের কথা রয়েছে। এ সময় তার সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক হওয়ারও কথা রয়েছে। বৈঠকে তুরস্ককে আবার এফ-৩৫ কর্মসূচিতে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয়। ওয়াশিংটনের দাবি ছিল, এস-৪০০ থাকলে এফ-৩৫-এর গোপন প্রযুক্তি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

তবে সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আইনগত শর্ত পূরণ হলে তুরস্কের কাছে আবারও এফ-৩৫ বিক্রির সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পেন্টাগন।

নেতানিয়াহুর অভিযোগ, এরদোয়ান ও তুরস্কের শীর্ষ নেতারা ধারাবাহিকভাবে ইসরায়েলবিরোধী বক্তব্য দিচ্ছেন। তাই এমন একটি সরকারের হাতে অত্যাধুনিক মার্কিন অস্ত্র তুলে দেওয়া উচিত হবে না।

তিনি বলেন, মুসলিম ব্রাদারহুডের মতো যুক্তরাষ্ট্রবিরোধী চরমপন্থি আদর্শে প্রভাবিত একটি সরকারকে এফ-৩৫ বা যুদ্ধবিমানের ইঞ্জিন দেওয়া উচিত নয়। এতে মধ্যপ্রাচ্যের বিদ্যমান শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে।

তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও হোয়াইট হাউস।

গত দুই বছরে গাজা যুদ্ধ ও ইরানকে ঘিরে উত্তেজনার কারণে ইসরায়েল-তুরস্ক সম্পর্কের অবনতি হয়েছে। এরদোয়ান সম্প্রতি জায়নবাদকে গণহত্যার মতাদর্শ বলে আখ্যা দেন। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েল সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

সূত্র: অ্যাক্সিওস


img

জোড়া টর্নেডোর আঘাত, চীনে নিহত ১১

প্রকাশিত :  ১০:৪৫, ০৭ জুলাই ২০২৬

দুইটি শক্তিশালী টর্নেডো সমধ্য চীনের হুবেই প্রদেশে আঘাত হেনেছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১১ জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

 চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রায় চার ঘণ্টা ধরে হুয়াংশি, হুয়াংগাং, ইঝো এবং শিয়াননিং শহরের ওপর দিয়ে এই বিধ্বংসী ঝড় বয়ে যায়।

টর্নেডোর সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার (৯৩ মাইল)। ঝড়ের প্রচণ্ড শক্তিতে বহু গাড়ি উল্টে গেছে, ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাছপালা উপড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান শিল্প ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত হুবেই প্রদেশে টর্নেডোর ঘটনা অত্যন্ত বিরল।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঝড়ের তীব্রতায় হুয়াংগ্যাং শহরের রাস্তাঘাটে বড় বড় ট্রাক ও গাড়ি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। উড়ে আসা ভবনের ছাদ ও ধাতব পাত লেগে বহু যানবাহন ও ল্যাম্পপোস্ট বিকৃত হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধারকাজ চালাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চীনের আবহাওয়া দিন দিন চরম রূপ নিচ্ছে।

মুষলধারে বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তীব্র দাবদাহের কারণে প্রতি বছর দেশটির বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। পশ্চিম চীনের গানসু প্রদেশের একটি পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির পর ভূমিধসে ১৬ জন নিখোঁজ হয়েছেন। দেশের এই সামগ্রিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এবং মানুষের জীবন রক্ষায় ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন।

টর্নেডোর ধাক্কা কাটতে না কাটতেই চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ‘সুপার টাইফুন বাভি’। বর্তমানে প্রশান্ত মহাসাগরে থাকা এই ঝড়টি চীনের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।

শুক্রবার (১০ জুলাই) তাইওয়ানে এই টাইফুনের প্রভাবে এক মিটারেরও (৩.৩ ফুট) বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা ও জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য তাইওয়ান সরকার প্রায় ২৯,০০০ সেনা সদস্যকে প্রস্তুত রেখেছে। এ ছাড়া চীনের গুয়াংসি, গুয়াংডং, হাইনান, জিলিন ও লিয়াওনিং প্রদেশসহ বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ভূমিধসের সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।