img

‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে’, বিশ্বকাপ বিতর্কে সরব নিউইয়র্কের মেয়র মামদানি

প্রকাশিত :  ১১:৪০, ০৯ জুলাই ২০২৬

‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে’, বিশ্বকাপ বিতর্কে সরব নিউইয়র্কের মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও এবার পৌঁছে গেছে বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় হারের পর রেফারিং নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন, ‘মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।’ তার এই মন্তব্য বিশ্বকাপের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

আজ মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর থেকেই মিশরে ম্যাচ পরিচালনা ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর ব্যবহারের সমালোচনা শুরু হয়। পরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছেও অভিযোগ জানায়।

এর একদিন পর, বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপের সেই বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি। দ্রুতগতির বাসসেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে, গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে, এটি নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।’

img

শ্রীলঙ্কার স্বপ্ন ভেঙে চুরমার করে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত :  ১৬:০৯, ১১ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। দলের জয়ে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব।

বুধবার রাজধানীর গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয় খেলা। ম্যাচের শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়। 

বাংলাদেশের গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। খেলার মাত্র ৮মিনিটে হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে শমিত বল জালে জড়ান। গ্যালারি তখন গোলের আনন্দে মাতে। 

খেলার ৪৩তম মিনিটে ইব্রাহিমের বাড়ানো পাস বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলংকার এক ডিফেন্ডারকে। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে। সেই গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতি থেকে ফিরে ৫৩মিনিটে দুর্দান্ত একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলংকার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।