img

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা

প্রকাশিত :  ১১:৩০, ১০ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১৪, ১০ জুলাই ২০২৬

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা

মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে প্রায় দুই বছরের নির্বাসন শেষে আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী এই রাজনীতিক তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে জেনেই তিনি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

শেখ হাসিনার ভাষায়, ‘নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যুও আসে, আমি চাই তা আমার নিজের মাটিতেই হোক, যেখানে আমার বাবা-মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত ঝরেছে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে বারবার দাবি জানিয়ে আসছে ঢাকার বর্তমান সরকার। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে নিতে চায় এবং এ জন্য ভারতকে বারবার চিঠি দিচ্ছে। তবে তিনি নিজেই দেশে ফিরে যাবেন। তার এই প্রত্যাবর্তনের বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি বলেও নিশ্চিত করেছেন তিনি।

দলের প্রায় সব স্তরের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে এবং অনেকেই আত্মগোপনে আছেন উল্লেখ করে শেখ হাসিনা জানান, তিনি দেশে ফিরে দলের সবাইকে একসঙ্গে নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন। বিচার প্রক্রিয়া শুরু হলে বর্তমান আদালত কতটা 'প্রহসনমূলক', তা তিনি দেশের মানুষের সামনে প্রমাণ করতে চান। তবে ঠিক কবে বা কোন আদালতে তিনি আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। শেখ হাসিনার পাশাপাশি ভারতে নির্বাসিত আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতারাও দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশে ফেরার বিষয়ে ঢাকার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি জানিয়ে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার বা ন্যায়বিচার নিয়ে কোনো গোপন আলোচনা হতে পারে না। দীর্ঘদিন দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের ভুলত্রুটি হতে পারে স্বীকার করে তিনি বলেন, সরকারের ভালো-মন্দ বা ঠিক-ভুল বিচারের অধিকার কেবল জনগণের। সেই বিচারের ভার তিনি দেশের মানুষের ওপরই ছেড়ে দিতে চান।

বর্তমানে ভারতে বসে দল গোছানোর কাজ করছেন তিনি। আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে এরই মধ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টির নেতাদের সঙ্গে তিনি অনলাইনে বৈঠক করেছেন। বাংলাদেশে বর্তমানে তার দল নিষিদ্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, তাকে সাজা দেওয়া হতে পারে বা তিনি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু তার দলকে কেন নিষিদ্ধ করা হবে? তারা যদি খারাপ কিছু করে থাকেন, তবে তার সিদ্ধান্ত জনগণই নেবে। জেলে যাওয়ার বিষয়ে কোনো ভয় নেই উল্লেখ করে তিনি জানান, আশির দশকে দেশে ফেরার পর এবং ২০০৭ সালেও তিনি কারাবরণ করেছিলেন।

গত বছরের (২০২৫ সালের) নভেম্বরে গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আদালত। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা বরাবরই তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা এই প্রথমবার দেশে ফেরার কোনো সময়সীমা বা পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই বছরের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ঢাকা যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ তৈরি করতে পারে। একই সঙ্গে তার ভারতে অবস্থানের কারণে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তার ফিরে আসার মধ্য দিয়ে সেই সমীকরণেও পরিবর্তন আসতে পারে। শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

জাতীয় এর আরও খবর

img

সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি জনগণের আস্থা ফেরাতে চান আইনমন্ত্রী

প্রকাশিত :  ১২:৪২, ১৪ নভেম্বর ২০২৬

নিবন্ধন অধিপ্তরের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে দেশের অন্যতম আস্থাশীল ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাগত দায়িত্বশীলতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম একক রাজস্ব খাত হিসেবে বিবেচনা করা হয়। অথচ অবদানের তুলনায় অধিদফতরটি দীর্ঘদিন অবহেলিত। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। অধিদপ্তরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার পক্ষ থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

নিবন্ধন অধিদপ্তর নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হন। এ ধরনের ঘটনা পুরো অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা অযোগ্যতা ও দুর্নীতির কারণে মানুষ ভোগান্তিতে পড়লে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।

দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, নিবন্ধন অধিদপ্তরকে জনবান্ধব ও হয়রানিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রণোদনার ব্যবস্থাও করা হবে। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে জনহয়রানির অভিযোগ বা তথ্য পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এ সময় স্বচ্ছতা নিশ্চিতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি জানান, যা বিভাগের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবেবলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি পদ ব্যবহার করে নিজ এলাকায় রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা বা চাঁদাবাজিতে যুক্ত হলে সরকার তা কোনোভাবেই মেনে নেবে না।

এছাড়া নিবন্ধন অধিদপ্তরের কোনো আইন বা বিধি সংশোধনের প্রয়োজন হলে মহাপরিদর্শকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন মন্ত্রী। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে জনকল্যাণমূলক মনে হলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে এবং অধিদপ্তরের উন্নয়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা একসঙ্গে কাজ করবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় এর আরও খবর