img

১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস, হতে পারে অতিভারি বৃষ্টি

প্রকাশিত :  ০৮:০৬, ১০ জুলাই ২০২৬

১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস, হতে পারে অতিভারি বৃষ্টি

আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, উত্তরপশ্চিম মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং এটি আরও দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় বিরাজ করছে।

এ পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।


জাতীয় এর আরও খবর

img

ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৫৬ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ

প্রকাশিত :  ১৪:১৯, ১০ জুলাই ২০২৬

অদ্য ১০ জুলাই ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ফেনী জেলার পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, মোবাইল ডিসপ্লে এবং একটি বাংলাদেশি সিএনজি জব্দ করা হয়েছে।

অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৬ লক্ষ ৬৯ হাজার টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদকের অবৈধ পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও অপারেশনাল উদ্যোগের পাশাপাশি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।


বার্তা প্রেরক:
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান
অধিনায়ক
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)

জাতীয় এর আরও খবর