img

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

প্রকাশিত :  ০৭:৪৬, ১০ জুলাই ২০২৬

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

‎সেনাবাহিনীর সহায়তায় রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন  নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। 

আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করে।

‎টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।

‎বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হবে।

গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তের ফলে নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

জাতীয় এর আরও খবর

img

ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৫৬ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ

প্রকাশিত :  ১৪:১৯, ১০ জুলাই ২০২৬

অদ্য ১০ জুলাই ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ফেনী জেলার পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, মোবাইল ডিসপ্লে এবং একটি বাংলাদেশি সিএনজি জব্দ করা হয়েছে।

অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৬ লক্ষ ৬৯ হাজার টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদকের অবৈধ পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও অপারেশনাল উদ্যোগের পাশাপাশি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।


বার্তা প্রেরক:
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান
অধিনায়ক
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)

জাতীয় এর আরও খবর