img

বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ: ফ্রি মেডিকেল ক্যাম্প, পশু চিকিৎসা ও ড্রোন প্রযুক্তির সহায়তায় ত্রাণ বিতরণ

প্রকাশিত :  ০৬:৪৮, ১৪ জুলাই ২০২৬

বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ: ফ্রি মেডিকেল ক্যাম্প, পশু চিকিৎসা ও ড্রোন প্রযুক্তির সহায়তায়  ত্রাণ বিতরণ

ঢাকা, ১৩ জুলাই ২০২৬: বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বন্যাকবলিত দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে পড়া অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর মানবিক সেবার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান, ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ এবং ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

আজ (১৩ জুলাই) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর উদ্যোগে  বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ কার্যক্রমের আওতায় প্রায় ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং আরও ২০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দিনব্যাপী কার্যক্রমের অন্যতম আকর্ষণ ছিল ড্রোন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বন্যাদুর্গত দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে পড়া অসহায় মানুষের কাছে দ্রুত ও নিরাপদ উপায়ে শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা দুর্গম এলাকায় ত্রাণ বিতরণে কার্যকর ও সময়োপযোগী সমাধান হিসেবে প্রশংসিত হয়েছে। সমগ্র কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি বিজিবির মানবিক ও প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করে ব্যতিক্রমী এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। জেলা প্রশাসক বলেন, “৫৫ বিজিবির এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, পশু চিকিৎসা এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যপরামর্শ, খাদ্য ও আর্থিক সহায়তা পেয়েছেন। বিজিবির এ মানবিক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম দুর্যোগ মোকাবিলায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে হবিগঞ্জ ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে  মাঠপর্যায়ে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”-প্রেস বিজ্ঞপ্তি



(বার্তা প্রেরক:
লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান
অধিনায়ক 
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)

জাতীয় এর আরও খবর

img

‘ভাঙা বাসের চালকের আসনে তারেক রহমানকে বসানো হয়েছে’

প্রকাশিত :  ১৯:১৪, ১৪ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিগত বছরগুলোতে দুর্বিষহ যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্র নামের বাসের চাকা পাংচার হয়েছে, ব্রেক ফেল করেছে, কাচগুলো ভেঙে গেছে। আমরা বলেছিলাম, সেগুলো সংস্কার করে জনাব তারেক রহমানকে চালকের আসনে বসান। কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে তাকে ভাঙা বাসের চালকের আসনে বসানো হয়েছে।’

সংবিধান ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যদি বারবার সংবিধানের দোহাই দেয়, তাহলে বলতে চাই- সংবিধান অনুযায়ী তো ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা ছিল, ২০২৪ সালে নয়। সংবিধান যদি অক্ষরে অক্ষরে মানতেই হয়, তাহলে তারেক রহমানের লন্ডনে থাকার কথা, সালাউদ্দিন আহমদের শিলংয়ে থাকার কথা এবং হাজার হাজার নেতাকর্মীর ধানক্ষেতে থাকার কথা।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারা ভালো নেই। বরং ভালো আছেন ৫ আগস্টের পর দলে অনুপ্রবেশকারীরা। বিএনপিতে বঞ্চিত সংগ্রামী নেতাদের জন্য এনসিপির দরজা খোলা। তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন।’

সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হেদায়েত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক এবং সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জাতীয় এর আরও খবর