img

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

প্রকাশিত :  ০৫:৩৫, ১০ আগষ্ট ২০২৬

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে ফলাফল জানার ব্যস্ততা। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারছেন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এ বছর ঢাকা বোর্ডে পাশের হার ৭১.৬৩ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫. ৪২, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮.৩৩ শতাংশ, যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ , ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ৫৫. ৪৯ শতাংশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮. ২০ শতাংশ।

এছাড়া অভিন্ন দুটি ওয়েবসাইট— eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে। 

মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ থাকছে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের ফরম্যাট হবে ‘SSC DHA ROLL YEAR’। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য ‘SSC MAD ROLL YEAR’ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ‘SSC TEC ROLL YEAR’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ দিতে হবে। এ চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। 

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এদিকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল ১১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির শনিবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ ব্যবহার করে ফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসের মাধ্যমেও ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে ফল জানা যাবে।

এদিন ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করেছে।


img

এসএসসিতে রওজাতুল বেহেশত তুবার গোল্ডেন এ প্লাস অর্জন

প্রকাশিত :  ১০:২৮, ১০ আগষ্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মানিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস (A+) অর্জন করেছে।

রাজধানীর মানিপুর  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করায় পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তুবার এই সাফল্যে তার পরিবার গর্বিত ও আনন্দিত।

রওজাতুল বেহেশত তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। তার মা  সরকারি বাংলা কলেজের বাংলা বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং ৪৮তম বিসিএসের কর্মকর্তা।

শিক্ষাজীবনে তুবার এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত  করেছেন তারা।

তুবার বর্তমান আবাস ঢাকার মিরপুরে। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।

রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

শিক্ষা এর আরও খবর