img

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৩:১০, ০৮ জুলাই ২০২৬

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

প্রয়াত বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষার ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই।’  বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান বিএনপি সরকার নারীশিক্ষার পাশাপাশি নারীদের এমপাওয়ারমেন্ট, অর্থাৎ অর্থনৈতিকভাবেও যাতে তারা শক্তিশালী হতে পারে, এমপাওয়ার হতে পারে সে জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে। আমরা একই সঙ্গে আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি—বেগম খালেদা জিয়া সরকার মেয়েদের শিক্ষার ব্যবস্থা ইন্টারমেডিয়েট পর্যন্ত ফ্রি করেছিল। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করতে চাই। ডিগ্রি বা অনার্স পর্যন্ত।

তিনি আরো বলেন, ‘আজ আমাদের সঙ্গে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছেন। তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছেন। আমরা অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করব এবং তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদের স্কলারশিপ দিতে চাই।’ 

মহিলা আসনের সংসদ শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি।

একই সঙ্গে তাদের স্কুল ব্যাগও দেব। আমি সব সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখের মতো বাচ্চা আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব বাচ্চাদের কাছেই পৌঁছানোর চেষ্টা করব।’

শিক্ষা এর আরও খবর

img

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশিত :  ১৫:৩৫, ০৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২২, ০৭ জুলাই ২০২৬

ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে, চট্টগ্রাম বোর্ডের বাকি তিন জেলা কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামী ৮ জুলাই বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

শিক্ষা এর আরও খবর