img

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের ঘটনায় সেই ইউএনওকে প্রত্যাহার

প্রকাশিত :  ১৭:০৬, ১৩ আগষ্ট ২০২৬

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের ঘটনায় সেই ইউএনওকে প্রত্যাহার

ময়মনসিংহে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের ঘটনায় ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে আরাফাত সিদ্দিকীকে তার বর্তমান কর্মস্থল ত্রিশাল থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি ত্রিশালের একটি বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ ওঠে।

ঘটনার পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দীর্ঘ সময় কার্যালয়ে না পাওয়ার অভিযোগও ওঠে। এতে বিভিন্ন সরকারি সেবা নিতে উপজেলা কার্যালয়ে আসা সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন বলে জানা যায়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘স্যার বিকেল ৪টা পর্যন্ত অফিসে আসেননি। আমি ৪টার পর অফিস থেকে চলে এসেছি। কেন তিনি অফিসে আসেননি, সে বিষয়ে আমার জানা নেই।’

উল্লেখ্য, আরাফাত সিদ্দিকী ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বদলির পর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।


img

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১১:০৭, ১২ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:১০, ১২ আগষ্ট ২০২৬

বিদ্যুৎ, গ্যাসের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সংকট দেখা দিতে পারে। এ পরিস্থিতি সামাল দিতে একটি কৌশল নেওয়া হয়েছে, যা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কার্যকর করা হয়েছে। এর ফলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে কার্গো খালাস সম্ভব হচ্ছে না। এক্সিলারেট টার্মিনালটি আংশিক সক্ষমতায় চলছে। এটিকে পুরো সক্ষমতায় চালাতে হলে আবার প্রায় ৭২ ঘণ্টার জন্য টার্মিনালটি বন্ধ রাখতে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ। এক্সিলারেট এনার্জির সঙ্গে কথা বলছি। আজ দুপুরেও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আছে। কোন সময়ে টার্মিনালটি বন্ধ রাখলে জনদুর্ভোগ সবচেয়ে কম হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা চলছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মানুষের ভোগান্তি চরমে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। এ কারণে আমরা বারবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ক্ষেত্রে কারও কিছু করার থাকে না। আমরা অসহায়, প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয়। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস খালাস করতে পারব এবং সেই ক্ষেত্রে গ্যাসের সরবরাহও স্বাভাবিক হবে।

তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে মিটিং করেছি, টিমও সেখানে গেছে। তাদের অফার নিয়ে কাজ চলছে। তাদের কাছ থেকে অন্তত এক কার্গো এলএনজি পাব বলে আশা করছি। এটি একটি মধ্যমেয়াদি সমাধান। হাতে যতগুলো বিকল্প আছে, সবগুলো নিয়েই কাজ করছি।

প্রতিমন্ত্রী বলেন, সার্বিকভাবে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি কবে ঠিক হবে, সেটি দিনক্ষণ বেঁধে বলা সম্ভব নয়। তবে জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে সরকার প্রাণান্তকর চেষ্টা করছে। এটি জনগণ নিশ্চয়ই বোঝেন। চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। ইউএস বাংলাদেশ চেম্বারের কাছেও এলএনজির ব্যাপারে সহায়তা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকারগুলো মধ্যম ও দীর্ঘমেয়াদি সমাধান খোঁজেনি; বরং তাৎক্ষণিক সমাধানের পথে গেছে। এ কারণে হঠাৎ করে সংকট এসেছে। একটি সময়ে এই পরিস্থিতির মুখে পড়তেই হতো। দুর্ভাগ্যজনকভাবে গ্রীষ্মকালীন সময়ে এ পরিস্থিতিতে পড়তে হয়েছে।


বাংলাদেশ এর আরও খবর