img

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

প্রকাশিত :  ১৩:৫০, ২০ আগষ্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই রিজভীকে নতুন দায়িত্ব দেওয়া হলো। 

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করায় বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ মহাসচিব পদটি শূন্য ছিল। 

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১৭ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রুহুল কবির রিজভী আহমেদের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।

রাজনীতিতে জীবনের শুরুতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর রুহুল কবির রিজভী বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেন। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

পরবর্তীকালে ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন। 

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রুহুল কবির রিজভী সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রুহুল কবির রিজভী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় এর আরও খবর

img

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট

প্রকাশিত :  ০৮:৪৪, ২৩ নভেম্বর ২০২৬

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম উদ্বোধন করা হবে। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনালটি পরিচালনার চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হবে।

থার্ড টার্মিনাল পরিচালনার শর্ত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। এ ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়ে শর্ত মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এতে বাংলাদেশ খুব একটা পিছিয়ে পড়েনি। তবে থার্ড টার্মিনাল পুরোপুরি চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে এটি উদ্বোধন করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।

জাতীয় এর আরও খবর