নারায়ণগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের পর স্থানীয়রা পুকুর থেকে একে একে চার শিশুর মরদেহ উদ্ধার করেন।
মৃত শিশুরা হলো— দুপ্তারা খানপাড়া এলাকার আলআমিনের মেয়ে ওজাইফা আক্তার (১০), মুন্নার মেয়ে আফসা আক্তার (১২), জাহাঙ্গীর হোসেনের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবুল ইসলামের মেয়ে রুবাইয়া (৮)। তারা স্থানীয় বিভিন্ন স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।
উদ্ধার করে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন জানান, দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল। চার শিশুই হাসপাতালে আনার আগেই মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



















