img

বন্যার কারণে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

প্রকাশিত :  ১২:১০, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বন্যার কারণে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যার কারণে নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এর ফলে ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিও বন্ধ হয়ে গেছে।

বর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতো। বর্তমানে তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। দেশটির চিলিমে ও ত্রিশূলী প্রকল্প থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হতো। গত সপ্তাহে বন্যার পর এ দুটি প্রকল্পের উৎপাদন বন্ধ আছে। 

চিলিমে থেকে ভারতে ২১ দশমিক ৪ এবং ত্রিশূলী থেকে ১৮.৬ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হতো।

বাংলাদেশে রপ্তানি করা বিদ্যুতের বিপরীতে নেপাল মার্কিন ডলারে অর্থ পায়। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দির্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ শূন্য। সেখানে বিদ্যুৎ সরবরাহকারী দুটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত। তাই বিকল্প হিসেবে অন্য একটি প্রকল্প থেকে বিদ্যুৎ পাঠানোর অনুমতি দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে।

বন্যার পর থেকে নেপালের ১২টি জলবিদ্যুৎ প্রকল্পেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ সানজেন, আপার সানজেন ও সালাসুঙ্গি প্রকল্পকে ‘আইসোলেটেড মোডে’ রেখেছে। এর অর্থ, প্রকল্পগুলো জাতীয় গ্রিডের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং শুধু কাছাকাছি এলাকার চাহিদা মেটাতে উৎপাদন করছে।

এদিকে অনুমোদন নবায়ন না করার কারণেও ভারতে নেপালের বিদ্যুৎ রপ্তানি স্থগিত আছে। আপার চামেলিয়া জলবিদ্যুৎ প্রকল্পে রপ্তানি অনুমোদনের মেয়াদ গত ৩১ জুন শেষ হয়েছে। সেটি রিভার ও আপার তাদি খোলা প্রকল্পে অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ জুলাই।

অনুমোদনগুলো নবায়ন না হওয়া পর্যন্ত নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ভারতে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না। এসব অনুমোদন প্রতি বছর নবায়ন করার কথা।


img

ধাপে ধাপে বাস্তবায়নে শঙ্কা নেই মূল্যবৃদ্ধির: পে-স্কেল নিয়ে বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত :  ০৭:৫৬, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, গত ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্তটি যৌক্তিক। এছাড়া নতুন পে-স্কেল একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে আগামী বছরের জুলাই পর্যন্ত বাস্তবায়ন করা হবে। ফলে বাজারে বড় ধরনের বৈষম্য বা আকস্মিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই।

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ বৃহস্পতিবার বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি নিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। অস্ট্রেলিয়ান সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং ফ্ল্যাক্সার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় না হওয়ায় বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাদের আয়েও চাপ তৈরি হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন হওয়ায় একবারে বড় অঙ্কের অতিরিক্ত অর্থ বাজারে প্রবাহিত হওয়ার সুযোগ থাকবে না। এ কারণে পে-স্কেলকে কেন্দ্র করে পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কাও নেই। বাণিজ্যমন্ত্রীর মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সরকারি কর্মচারীদের বেতন নয়, বাজারে পণ্যের সরবরাহ, আমদানি পরিস্থিতি, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে দামের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। সরকার এসব বিষয় সমন্বিতভাবে পর্যবেক্ষণ করছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মুক্তাদির বলেন, ভোজ্যতেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার এবং অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বা কমলে দেশের বাজারেও এর প্রভাব পড়ে। তিনি জানান, টিসিবির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে। দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রমও চলছে। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কিনা, তা নজরদারি করা হচ্ছে। চিনির বাজার পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের অন্যতম বড় রিফাইনারি মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি রয়েছে।

চামড়া শিল্পে বড় সংস্কারের উদ্যোগ : দেশের চামড়া শিল্পকে আবারও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে সমন্বিত সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি নিয়ে এক সংলাপ অনুষ্ঠানে তিনি বলেছেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শিল্পটি প্রত্যাশিত সুফল পায়নি। সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) সমস্যাকে চামড়া শিল্পের বড় বাধা হিসাবে উল্লেখ করে মন্ত্রী জানান, নতুন বিশ্বমানের সিইটিপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান সিইটিপি সংস্কারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বর্তমানে ২৫ হাজার ঘনমিটার নির্ধারিত সক্ষমতার বিপরীতে কার্যকরভাবে প্রায় ১৪-১৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধন করা সম্ভব হচ্ছে। বড় ট্যানারিগুলোতে নিজস্ব ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি ছোট ট্যানারিগুলোকে কেন্দ্রীয় সিইটিপির সঙ্গে সমন্বয় করে শতভাগ কমপ্লায়েন্সের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। আলোচনায় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে, ফ্ল্যাক্সার সভাপতি সৈয়দ নাসিম মঞ্জু, সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হানসহ চামড়া শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, শ্রমিক প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।