img

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

প্রকাশিত :  ১০:৪৪, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৫৬, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহারের প্রচলন অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরিপত্রে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।

পরিপত্রে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্যকোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সকল দপ্তরের দাপ্তরিক যোগাযোগ ও নথি প্রেরণের ক্ষেত্রে এই নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।

আদেশটি বাস্তবায়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তার কাছে নির্দেশনার কপি পাঠানো হয়েছে। 

জাতীয় এর আরও খবর

img

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৬:৩৪, ২২ নভেম্বর ২০২৬

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মধ্যে প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ‘এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দ্রুত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। ওই সফরের সঙ্গে চীন সফরও যুক্ত করেছিলেন তিনি। ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকার গঠনের পর গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও দুই নেতা গুরুত্ব দিয়েছেন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে এ সফরে।

এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার এজেন্ডায় থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

জাতীয় এর আরও খবর