img

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

প্রকাশিত :  ০৫:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পাশাপাশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় বৃষ্টিপাতও কমে গেছে। এর মধ্যে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। একই দিনে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে আজ বৃহস্পতিবার তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এদিকে সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টায় এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।


img

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

প্রকাশিত :  ০৫:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। জ্বালানির এই চালান দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে। এটি মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসা ডিজেলের ৭২তম চালান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সরবরাহ শুরু হয়এই চালানের। সেটি শেষ হয় ১৫ সেপ্টেম্বর। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হয়। এটি চালুর পর এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।

জানা যায়, প্রতি বছর বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। 

এর আগে, চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। এরপর এপ্রিল, মে ও জুলাইয়েও ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।

পরে গত আগস্ট মাসে বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই নতুন এই চালান এসেছে।

জাতীয় এর আরও খবর