img

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭

প্রকাশিত :  ১৮:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এফএনএস কারখানার ভেতরে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম জয়নাব বেগম বলে জানা গেছে।

তিনি কারখানার পাশে একটি কাপড়ের দোকান করতেন। এ ছাড়া বাকি ৬ জনের মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম। 

এ ছাড়াও আগুনে কারখানার কর্মচারী ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার লরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি।

সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, কারখানার বাইরে সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের ঘটনায় ওই লরিগুলোর পাশ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ লরির ভেতরে পাওয়া গেছে এবং বাকিদের মরদেহ লরির পাশে পড়েছিল। এ ছাড়া সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী একটি দোকানে গিয়ে পড়লে জয়নাব বেগম নামে সেখানকার এক দোকানি মারা গিয়েছে।

এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান এই কর্মকর্তা। 

প্রীতি গ্রুপের এফএনএস কারখানার অ্যাডমিন-ম্যানেজার হেমায়েত উদ্দিন বলেন, ‘কারখানার সীমানা ঘেরা প্রাচীরের পাশে থাকা লরির সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে কারখানার ভেতর কোনো শ্রমিক আটকে নেই। এর আগেই সবাই বাইরে চলে এসেছেন। কিন্তু কাভার্ড ভ্যানের পাশে থাকা বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী রনি বলেন, ‘বিস্ফোরণের শব্দে ও আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি নিজে দুজন দগ্ধ ও গুরুতর আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া কারখানার পাশে রাস্তায় থাকা রিকশাচালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণে বয়লার বা পাইপের লোহার খণ্ড উড়ে গিয়ে পাশের বাড়িঘর ও রাস্তায় পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। 

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের হাসপাতালে এখন পর্যন্ত ১৬ জন ব্যক্তি ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং তাদের পুরো শরীর দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

শেনজেনে তিন মহাশক্তি মুখোমুখি: ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের বৈঠনে কে জিতল, কে হারল?

প্রকাশিত :  ০৫:৪৬, ২৫ নভেম্বর ২০২৬

সাইফুল খান 

১৯ নভেম্বর ২০২৬। চীনের প্রযুক্তি ও শিল্পায়নের প্রতীক শেনজেন শহরে এমন একটি কূটনৈতিক দৃশ্যের অবতারণা হলো, যার দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। একই টেবিলে মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হলো। কারণ এটি কেবল তিন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ ছিল না; বরং এমন এক সময়ে তিনটি পরাশক্তির মুখোমুখি হওয়া, যখন ইউক্রেন যুদ্ধ, ইরানের সঙ্গে পশ্চিমাদের সংঘাত, তাইওয়ান প্রশ্ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বিশ্বরাজনীতি উত্তপ্ত।

বৈঠকটি শেষ হওয়ার পর তিন দেশের গণমাধ্যমের সংবাদ পরিবেশনা লক্ষ করলে একটি মজার বিষয় চোখে পড়ে। একই ঘটনা, একই তিন নেতা, অথচ বিজয়ীর তালিকা তিন দেশে তিন রকম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রশ্ন—ট্রাম্প কি সত্যিই কোনো কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন, নাকি শি জিনপিং ও পুতিনকে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ করে দিয়েছেন? রাশিয়ার গণমাধ্যমের কাছে এটি পুতিনের আন্তর্জাতিক স্বীকৃতি ফিরে পাওয়ার মুহূর্ত। আর চীনের সংবাদমাধ্যমের কাছে শেনজেনের এই আয়োজন শি জিনপিংয়ের কূটনৈতিক নেতৃত্বের এক উজ্জ্বল প্রদর্শনী।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বিশ্লেষণে প্রথমেই আসে ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক কূটনীতির প্রশ্ন। রয়টার্সের ২০ নভেম্বরের বিশ্লেষণ, ‘Trump’s personalized diplomacy hits its limits with 3-way summit’ এ ম্যাট স্পেটালনিক দেখিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগত সম্পর্ক ও সরাসরি আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সংকটের সমাধান করতে চাইলেও বাস্তবে সেই কৌশলের সীমাবদ্ধতা রয়েছে। ইউক্রেন, ইরান, তাইওয়ান এবং বাণিজ্য বিরোধের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে বৈঠক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি। বরং পুতিন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে সমপর্যায়ে বসার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতির সুযোগ পেয়েছেন। শি জিনপিংও নিজের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করেছেন। ট্রাম্পের অর্জন সেখানে তুলনামূলকভাবে বেশি প্রতীকী, বাস্তব ফলাফল কম। রয়টার্সের বিশ্লেষণের মূল বক্তব্য এখানেই। ব্যক্তিগত কূটনৈতিক উদ্যোগ সব সময় রাষ্ট্রীয় স্বার্থের বাস্তব সাফল্যে রূপ নেয় না।

ওয়াশিংটন পোস্টের ১৯ নভেম্বরের বিশ্লেষণ, ‘In summit with Trump and Putin, Xi put himself and China at center stage’, আলোচনাটিকে আরও ভিন্নভাবে দেখেছে। তাদের পর্যবেক্ষণে বৈঠকে ট্রাম্প ও পুতিন উপস্থিত থাকলেও আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন শি জিনপিং। ট্রাম্পকে বিমানবন্দরে স্বয়ং শি জিনপিংয়ের অভ্যর্থনা জানানো, বৈঠকের আসনবিন্যাস এবং আলোচনার আয়োজন সবকিছুর মধ্য দিয়ে চীন নিজের কূটনৈতিক অবস্থান তুলে ধরেছে। বেইজিং যেন বিশ্বকে বোঝাতে চেয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তিকেও একই টেবিলে আনতে পারে চীন। আন্তর্জাতিক রাজনীতিতে এটি নিছক আতিথেয়তা নয়; বরং ক্ষমতার একটি প্রতীকী প্রদর্শন। শি জিনপিংয়ের জন্য সবচেয়ে বড় অর্জন হলো, চীনকে আন্তর্জাতিক কূটনীতির অপরিহার্য কেন্দ্র হিসেবে উপস্থাপনের সুযোগ পাওয়া।

ওয়াল স্ট্রিট জার্নাল শেনজেন শহর নির্বাচনের মধ্যেও একটি রাজনৈতিক বার্তা খুঁজে পেয়েছে। ‘In Choosing Shenzhen for Trump-Putin Summit, Xi Shows Off His Tech Ambitions’ শিরোনামের বিশ্লেষণে শহরটির প্রযুক্তি, শিল্পায়ন, উদ্ভাবন ও উৎপাদন সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। শেনজেন চীনের আধুনিক অর্থনৈতিক রূপান্তরের প্রতীক। সেখানে দুই পরাশক্তির নেতাকে আমন্ত্রণ জানিয়ে শি জিনপিং যেন শুধু রাজনৈতিক শক্তি নয়, ভবিষ্যতের প্রযুক্তিগত শক্তি হিসেবেও চীনকে পরিচিত করাতে চেয়েছেন। অর্থাৎ, বৈঠকের মঞ্চটিও ছিল এক ধরনের কূটনৈতিক বার্তা।

অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির ১৯ নভেম্বরের ‘Takeaways from the historic summit among Trump, Xi and Putin’ প্রতিবেদনেও বৈঠকের ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি বাস্তব অর্জনের সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। তিন নেতা বিশ্বশান্তি, জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ এবং পারমাণবিক ঝুঁকি কমানোর বিষয়ে একমত হয়েছেন। কিন্তু ইউক্রেন ও ইরানের মতো বড় সংকটের কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। পুতিনের জন্য অবশ্য বৈঠকটি ছিল আন্তর্জাতিকভাবে স্বাভাবিক রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেকে উপস্থাপনের একটি সুযোগ। আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নিয়েও তিন নেতার ঘোষণাটি বিশেষভাবে আলোচিত হয়েছে।

রাশিয়ার গণমাধ্যমের দিকে তাকালে দৃশ্যটি আরও আলাদা। মস্কোর কাছে এই বৈঠকের তাৎপর্য কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ নয়। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার প্রচেষ্টার মধ্যেও পুতিন বিশ্বের দুই প্রধান শক্তির নেতার সঙ্গে একই টেবিলে বসেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের ১৯ নভেম্বরের প্রতিবেদন, ‘Putin describes trilateral summit with Trump, Xi as page in diplomatic history’-তে পুতিনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বৈঠকটিকে কূটনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। তাসের সংবাদ পরিবেশনায় বোঝানোর চেষ্টা করা হয়েছে, রাশিয়া এখনো আন্তর্জাতিক নিরাপত্তার অন্যতম প্রধান শক্তি এবং যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সরাসরি আলোচনার সক্ষমতা তার রয়েছে। পশ্চিমা দেশগুলোর চাপ সত্ত্বেও রাশিয়াকে আন্তর্জাতিক কূটনীতি থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। এটাই মস্কোর প্রচারিত প্রধান বার্তা।

রুশ গণমাধ্যমের আরেকটি প্রচারকৌশল ছিল ইউরোপের অনুপস্থিতিকে সামনে আনা। রাশিয়ার দৃষ্টিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া তিনটিই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বৈশ্বিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই ইউরোপের অংশগ্রহণ ছাড়াই এই তিন শক্তির নেতারা আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করতে পারেন। এমন একটি রাজনৈতিক বার্তা দেওয়ার সুযোগ পেয়েছে মস্কো। 

অ্যাসোসিয়েটেড প্রেসের ২০ নভেম্বরের বিশ্লেষণেও রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের এই প্রচারকৌশল উঠে এসেছে। সেখানে পুতিনকে বিশ্বশান্তির রক্ষক এবং বৈশ্বিক ক্ষমতার সমান অংশীদার হিসেবে উপস্থাপনের চেষ্টা দেখা যায়। একই সঙ্গে ইউক্রেন ও ইউরোপকে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হিসেবে দেখানোর প্রবণতাও আলোচিত হয়েছে।

রাশিয়ার জন্য তাই এই বৈঠকের সবচেয়ে বড় অর্জন কোনো চুক্তি নয়, বরং আন্তর্জাতিক অবস্থানের পুনর্বাসন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে পুতিনের এই উপস্থিতি মস্কোর অভ্যন্তরীণ রাজনীতিতেও শক্তিশালী প্রচারসামগ্রী হয়ে উঠতে পারে। রাশিয়ার জনগণকে দেখানো সম্ভব যে, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে একঘরে করতে চাইলেও বিশ্বের প্রধান শক্তিগুলো এখনো পুতিনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হচ্ছে।

চীনের গণমাধ্যমের সংবাদ পরিবেশনায় আবার অন্য এক গল্প। সেখানে বৈঠকের কেন্দ্রীয় চরিত্র শি জিনপিং। গ্লোবাল টাইমসের ২১ নভেম্বরের প্রতিবেদন, ‘China-Russia-US summit “landmark diplomatic event to go down in history”, বৈঠকটিকে ইতিহাসে স্মরণীয় একটি কূটনৈতিক ঘটনা হিসেবে তুলে ধরেছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বের তিনটি প্রধান শক্তি সরাসরি আলোচনায় বসেছে, এটি নিজেই গুরুত্বপূর্ণ। চীন বড় শক্তিগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার নতুন মডেল প্রতিষ্ঠা করতে চায়। আন্তর্জাতিক বিরোধ সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের পথ তৈরি করা প্রয়োজন।

গ্লোবাল টাইমস চীনা বিশেষজ্ঞদের বক্তব্যও প্রকাশ করেছে। রেনমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন ক্যানরংয়ের বক্তব্যের সারমর্ম হলো, তিনটি প্রধান শক্তির নেতারা একই টেবিলে বসে কিছু অভিন্ন নীতিতে সম্মত হয়েছেন, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক। চীনের এই উপস্থাপনায় বেইজিং নিজেকে শুধু যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখাতে চায় না; বরং আন্তর্জাতিক স্থিতিশীলতা তৈরির একজন গুরুত্বপূর্ণ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ১৯ নভেম্বর ‘Xi makes four points on how major countries should get along with each other’ শিরোনামে শি জিনপিংয়ের বক্তব্য প্রকাশ করে। সেখানে বড় শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের জন্য চারটি নীতি তুলে ধরা হয়। পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি। পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং নিজস্ব রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা বেছে নেওয়ার অধিকারের প্রতি সম্মানের কথাও বলা হয়। চীনের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক এখানে প্রকাশিত হয়েছে। বেইজিং এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা চায়, যেখানে কোনো একটি শক্তি অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ করে দেওয়ার অধিকার দাবি করতে পারবে না।

চীনের আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম সিজিটিএনও বৈঠকের তাৎপর্য নিয়ে আলোচনা করেছে। তাদের ‘Xi, Putin and Trump: What to expect from historic trilateral meeting’ বিশ্লেষণে বলা হয়েছে, কোনো বৈঠকের গুরুত্ব শুধু চুক্তির সংখ্যা দিয়ে বিচার করা যায় না; কারা একই টেবিলে বসেছেন, সেটিও গুরুত্বপূর্ণ। চীনের ব্যাখ্যায় এই বৈঠক তিন দেশের মধ্যে কৌশলগত যোগাযোগের নতুন চ্যানেল তৈরি করতে পারে এবং সংঘাত কমানোর সুযোগ সৃষ্টি করতে পারে। তবে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে শেনজেন বৈঠকের তুলনা সতর্কতার সঙ্গে দেখতে হবে। ইয়াল্টায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে বাস্তব সিদ্ধান্ত হয়েছিল; শেনজেনে তেমন কোনো ক্ষমতা বণ্টনের চুক্তি হয়নি।

বৈঠকের যৌথ ঘোষণাও আলোচনার দাবি রাখে। ‘China-Russia-U.S. Heads of State Declaration toward Peace’ নামে প্রকাশিত ঘোষণায় চারটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। প্রথমত, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর করার অঙ্গীকার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানির উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা। তৃতীয়ত, আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার, রাষ্ট্রীয় সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির ওপর গুরুত্ব দিয়ে আদালতের এখতিয়ারের অপব্যবহারের বিরোধিতা। চতুর্থত, পারমাণবিক যুদ্ধ জয় করা সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয়। এই নীতি পুনর্ব্যক্ত করে পারমাণবিক ঝুঁকি কমানো ও বিস্তার রোধে সংলাপের প্রতিশ্রুতি।

তবে ঘোষণার ভাষা যতই আশাবাদী হোক, বাস্তবতার কিছু সীমাবদ্ধতা স্পষ্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো নির্দিষ্ট চুক্তি হয়নি। পারমাণবিক অস্ত্র হ্রাসের বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করা হয়নি। তাইওয়ান প্রশ্নেও কোনো নিষ্পত্তি আসেনি। অর্থাৎ, বৈঠকটি আলোচনার দরজা খুলেছে, কিন্তু বড় সংকটগুলোর সমাধান এখনো অনেক দূরে।

তাহলে প্রকৃত বিজয়ী কে? প্রশ্নটির উত্তর খুঁজতে হলে তিন নেতার নিজস্ব কৌশলগত অবস্থান বুঝতে হবে। শি জিনপিংয়ের জন্য এটি ছিল সবচেয়ে দৃশ্যমান কূটনৈতিক বিজয়। চীন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার সক্ষমতা দেখিয়েছে। ট্রাম্প ও পুতিনকে নিজের দেশে এনে একই টেবিলে বসানোর মধ্য দিয়ে বেইজিং বোঝাতে পেরেছে, বিশ্বরাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে ওয়াশিংটন একা নয়; বেইজিংও অপরিহার্য। পুতিনের অর্জন ছিল কূটনৈতিক পুনর্বাসন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে থাকলেও বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে আলোচনার টেবিলে তার অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। এই বার্তাটি তিনি দেশে ও বিদেশে দিতে পারবেন।

ট্রাম্পের ক্ষেত্রে ফলাফল কিছুটা অনিশ্চিত। তিনি নিজের ব্যক্তিগত কূটনৈতিক দক্ষতা প্রদর্শন করতে চেয়েছেন, কিন্তু ইউক্রেন ও ইরান প্রশ্নে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তাঁর অর্জন সীমিত। বরং বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সামনে একটি নতুন প্রশ্ন তৈরি হয়েছে, চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে ওয়াশিংটন কি নিজের দীর্ঘদিনের মিত্রভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলছে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ইউরোপ, ন্যাটো, ইউক্রেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দিকে তাকাতে হবে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে শেনজেন বৈঠকের তাৎপর্য আরও গভীর। যদি ওয়াশিংটন মস্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোয়, তাহলে ইউক্রেনের নিরাপত্তা যেমন প্রভাবিত হবে, তেমনি রাশিয়ার সঙ্গে ইসরায়েলের কৌশলগত সম্পর্কের হিসাবও বদলে যেতে পারে। আবার চীন যদি তিন শক্তির আলোচনায় কেন্দ্রীয় ভূমিকা ধরে রাখতে পারে, তাহলে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনৈতিক বিকল্পও বাড়তে পারে।

আরও একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। যৌথ ঘোষণায় আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার সীমিত করার অবস্থান এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি শুধু আইনি প্রশ্ন নয়; আন্তর্জাতিক ক্ষমতার কাঠামো নিয়েও একটি রাজনৈতিক বার্তা। শক্তিশালী রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বিচারব্যবস্থার সীমা নির্ধারণে নিজেদের ভূমিকা বাড়াতে চাইছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের সর্বজনীনতা এবং রাষ্ট্রীয় ক্ষমতার বাস্তব প্রয়োগের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, তা নতুন করে সামনে এসেছে।

সব মিলিয়ে শেনজেন বৈঠককে এখনই নতুন বিশ্বব্যবস্থার সূচনা বলা যাবে না। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের স্বার্থের মধ্যে মৌলিক বিরোধ এখনো রয়েছে। কিন্তু বৈঠকটি একটি বিষয় স্পষ্ট করেছে, বিশ্বরাজনীতি আর একক শক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছে না; বরং বড় শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে। শেনজেনের এই বৈঠকে সবচেয়ে দৃশ্যমান কূটনৈতিক সুবিধা পেয়েছে চীন, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্বীকৃতি পেয়েছে রাশিয়া, আর সবচেয়ে অনিশ্চিত ফলাফল নিয়ে ফিরেছে যুক্তরাষ্ট্র।

তবে এই বৈঠকের প্রকৃত মূল্যায়ন আজকের ছবিতে নয়, আগামী দিনের ঘটনাপ্রবাহে নির্ধারিত হবে। ইউক্রেন যুদ্ধের পরিণতি কী হয়, ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, তাইওয়ান নিয়ে উত্তেজনা কমে কি না এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় নতুন কোনো সমঝোতা তৈরি হয় কি না। এসব প্রশ্নের উত্তরই বলে দেবে শেনজেনের বৈঠক ইতিহাসের একটি স্মরণীয় আলোকচিত্র হয়ে থাকবে, নাকি সত্যিই বিশ্বরাজনীতির গতিপথ বদলে দেওয়ার সূচনা করবে।

লেখক - ইতিহাস, রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক।

জাতীয় এর আরও খবর