img

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

প্রকাশিত :  ১২:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে পুরান ঢাকার নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হকারমুক্ত ঘোষিত উক্ত সড়কগুলো সরেজমিনে পরিদর্শনে যান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

পরিদর্শনকালে তিনি বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তারাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সহযোগিতায় নগরবাসীর জন্য ফুটপাত ও সড়কে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি জানান, শুধু রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিয়ম অনুযায়ী নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে হকার বসে জনভোগান্তি তৈরির সুযোগ নেই। নিয়মের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।

হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে আবদুস সালাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে এক ঘণ্টার বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম তদারকি করেন ডিএসসিসি প্রশাসক।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর

img

রাষ্ট্রদ্রোহ মামলা: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত :  ১৭:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি নিয়ে এ আদেশ দেন।

এদিন রাত ৯টার দিকে রাকিবুলকে আদালতে তোলা হয়। এ সময় তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে পুলিশ। মামলায় তার বিরুদ্ধে ২৪ এর ক ধারার অভিযোগ আনা হয় বলে আদালতের একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। 

তবে অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করছেন রাকিবুল।

জাতীয় এর আরও খবর