img

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

প্রকাশিত :  ০৬:৩৭, ০১ অক্টোবর ২০২৬

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে রওনা হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী যাচ্ছেন। গুলশানের বাসা থেকে রওনা হয়ে রাজধানী অতিক্রম করছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে।

সরকারপ্রধানের মা, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসনে ভোট করতেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সেখানে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ কারণে স্থানীয় নেতাকর্মীদের মুখে এখনো ফেরে, ‘নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা’।

প্রধানমন্ত্রীর কর্মসূচি:  

বেলা সাড়ে ১২টায় পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ  পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের উদ্বোধন, দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন,দুপুর ২টায়  ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকাল সাড়ে তিনটায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যক্তিদের সন্মানি প্রদান অনুষ্ঠানে যোগদান।

এদিন দুপুরে ফুলগাজী ডাক বাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত ২৫ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে এক নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

জাতীয় এর আরও খবর

img

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৬:৩৪, ২২ নভেম্বর ২০২৬

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মধ্যে প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ‘এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দ্রুত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। ওই সফরের সঙ্গে চীন সফরও যুক্ত করেছিলেন তিনি। ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকার গঠনের পর গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও দুই নেতা গুরুত্ব দিয়েছেন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে এ সফরে।

এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার এজেন্ডায় থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

জাতীয় এর আরও খবর