img

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত :  ১০:৫৯, ০৪ অক্টোবর ২০২৬

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে এখন আর শুধু দাতা-গ্রহীতা সম্পর্কের দৃষ্টিতে দেখে না, বরং ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বসম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও বঙ্গোপসাগরে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর দ্বিতীয় দিনের কর্ম-অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, ‘দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব অসীম। দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম গতিশীল অর্থনীতির একটি এবং সম্ভাবনা রয়েছে ২০৩০ সালের মধ্যেই বিশ্বের শীর্ষ ৩০টি অর্থনীতির তালিকায় স্থান করে নেওয়ার।’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে তার উন্নয়ন অগ্রযাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এই পর্বের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ, রাজনৈতিক রূপান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, অর্থনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকির মতো বহুমুখী চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত রয়েছে।

ইইউ রাষ্ট্রদূত স্পষ্ট করেন, ইউরোপীয় ইউনিয়নের ‘এভরিথিং বাট আর্মস’ (অস্ত্র ছাড়া সবকিছু) বাণিজ্য অগ্রাধিকার সুবিধার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিতে অংশীদারিত্ব থাকলেও এখন আর সেই পুরোনো সম্পর্কে আটকে থাকা সম্ভব নয়। ইইউ এখন বাংলাদেশের সঙ্গে আরও উচ্চাভিলাষী সম্পর্ক গড়ে তুলতে চায়। এলডিসি থেকে মসৃণ উত্তরণের পাশাপাশি ভবিষ্যতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এলডিসি উত্তরণ পুরোপুরি শেষ করেনি—এমন কোনো দেশের সঙ্গে ইইউর পক্ষ থেকে এ ধরনের বাণিজ্য প্রস্তাব দেওয়া এটাই প্রথম।

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ও ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য সমান সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি বলেন, ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের চাপ সামাল দিতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি ও স্বাধীন তদারকি ব্যবস্থা অপরিহার্য।

এ ছাড়া চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা এখনো সম্পন্ন হয়নি। এই সংস্কার কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন।


জাতীয় এর আরও খবর

img

ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

প্রকাশিত :  ১৩:৪৭, ২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি।

বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধ, একই সঙ্গে অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত না করতে পারে, এদিক থেকে ওই দিকে যেতে না পারে, ওই দিক থেকে এদিকে আসতে না পারে—সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির।

তিনি আরও বলেন, আজকে আমি ফেনী, কুমিল্লা এবং এই আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি। সরকারের যেই নির্দেশনা সেটা পালন করতে পারি, দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারি। সেজন্যই আমাদের এই সীমান্তের নিরাপত্তা যাতে শতভাগ নিশ্চিত করা যায়, সেটা করার জন্যই, সেটা দেখার জন্য সরেজমিনে আজকে এখানে আসা।

এ সময় স্থানীয়দের সহযোগিতা চেয়ে বিজিবির মহাপরিচালক বলেন, ‘আপনারা স্থানীয় যারা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে যাতে বন্ধ করা যায়, সেটা নিশ্চিত করতে পারব, ইনশা আল্লাহ।’

জাতীয় এর আরও খবর