img

ঢাকা-দাম্মামের ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

প্রকাশিত :  ১৮:৪৬, ২২ অক্টোবর ২০২৬

ঢাকা-দাম্মামের ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে দাম্মামগামী ফ্লাইটগুলো ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চলবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এ ছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরো জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


img

সাজেকে সড়ক অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

প্রকাশিত :  ১৪:০৯, ২২ অক্টোবর ২০২৬

সড়ক অবরোধকে কেন্দ্র করে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধ ভেঙে দিয়ে আটকে পড়া প্রায় আড়াই হাজারের অধিক পর্যটকদের নিরাপদে পৌঁছে দেন। এ সময় অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এ নিয়ে তৃতীয় দফায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। তবে সকাল পৌনে ৯টার দিকে সাজেকে অবস্থানকারী পর্যটকবাহী গাড়ি নিয়ে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেক পর্যটনকেন্দ্র ত্যাগ করেন। পরে গাড়িবহরগুলো গঙ্গারামের উজো বাজার এলাকায় পৌঁছালে সেখানে সড়কের ওপর অবরোধকারীরা অবস্থান করায় আটকে পড়েন পর্যটকরা। 

পরে অবস্থানকারীদের সড়ক থেকে সরিয়ে পর্যটকদের গাড়িবহর নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এ সময় অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ অস্ত্রধারীরা গুলি বর্ষণ করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির বিনিময় হয়। এখনো থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। এছাড়া পর্যটকদের নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। এর আগে গত ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করে সংগঠন দুটি। 


বাংলাদেশ এর আরও খবর