img

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

প্রকাশিত :  ১০:৪২, ০২ নভেম্বর ২০২৬

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ হাজার ৬০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২২৩ টাকা।

সোমবার (২ নভেম্বর) এক বার্তায় এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

দেশে বাসাবাড়িতে রান্নার কাজে এলপিজির ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকা ও বড় শহরগুলোতে পাইপলাইনের গ্যাসের সংযোগ না থাকা এবং নতুন সংযোগ সীমিত থাকায় অনেক পরিবার সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল। ফলে এলপিজির দাম বাড়লে সরাসরি বাড়তি ব্যয়ের মুখে পড়েন সাধারণ ভোক্তারা।

এলপিজির মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নেওয়া হয়। বিইআরসি প্রতি মাসে এসব বিষয় পর্যালোচনা করে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করে।

তবে কমিশনের নির্ধারিত দামের সঙ্গে বাজারে বিক্রি হওয়া সিলিন্ডারের দামের পার্থক্য নিয়ে দীর্ঘদিন ধরে ভোক্তাদের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ওঠে। নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে এলপিজি বিক্রি কমিশনের নির্ধারিত মূল্যে হচ্ছে কি না, তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এ অবস্থায় নতুন করে দাম বাড়ায় রান্নার জ্বালানি বাবদ পরিবারের মাসিক ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অর্থনীতি এর আরও খবর

img

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

প্রকাশিত :  ১৬:৩৮, ০২ নভেম্বর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় স্বস্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত মিলেছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে।

পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসায় সোমবার একদিনেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) সোমবার বেলা ২টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার ৯০ সেন্ট বা ৬ শতাংশ কমে ১০৬ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ব্যারেলপ্রতি ৬ ডলার ২৫ সেন্ট বা ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭ ডলার ৮৭ সেন্টে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের অবসানে সরকারের কূটনৈতিক উদ্যোগে সম্মতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

এদিকে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পৌঁছে দিতে কাতারের মধ্যস্থতায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দোহা সফর করেছেন।

বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সামরিক ও নৌ অবরোধ প্রত্যাহারের শর্তের সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়টি যুক্ত করেছে তেহরান।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর নতুন করে সামরিক হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে আরও কিছুটা সময় দিতে চান।

এদিকে তেলের বাজারে অস্থিরতার মধ্যেই রোববার বৈঠকে বসে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের সাত সদস্যদেশ। বৈঠকে আগামী ডিসেম্বরেও তেল উৎপাদন না বাড়িয়ে বর্তমান পর্যায়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে গত অক্টোবর থেকে তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মেয়াদ আরও এক মাস বাড়ল।

অর্থনীতি এর আরও খবর