img

আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান, শেয়ারবাজার থেকে তুলবে ৬১২ কোটি টাকা

প্রকাশিত :  ০৯:১৪, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৫২, ১০ নভেম্বর ২০২৬

আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান, শেয়ারবাজার থেকে তুলবে ৬১২ কোটি টাকা

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের শেয়ারবাজারে নতুন করে আইপিও কার্যক্রম শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ছয়টি কোম্পানি সম্মিলিতভাবে ৬১২ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহের আবেদন করেছে। বিদ্যুৎ, তৈরি পোশাক, প্যাকেজিং, আর্থিক সেবা ও প্রযুক্তি খাতের এসব প্রতিষ্ঠানের উদ্যোগকে কেন্দ্র করে শেয়ারবাজারে নতুন বিনিয়োগ ও মূলধন সংগ্রহের কার্যক্রমে গতি ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে।

আবেদনকারী ছয় প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। কোম্পানিটি ৪০০ কোটি টাকা সংগ্রহের আবেদন করেছে। অন্যদিকে পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ৭৮ কোটি টাকা, স্ক্যান্ডেক্স (বিডি) ৫৫ কোটি টাকা, অ্যালায়েন্স ফাইন্যান্স ৩৪ কোটি ৬৫ লাখ টাকা, ডিজিকন টেকনোলজিস ৩০ কোটি টাকা এবং প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি টাকা তুলতে চায়।

গত দুই বছরের বেশি সময় ধরে দেশের শেয়ারবাজারে নতুন আইপিও কার্যক্রম প্রায় স্থবির ছিল। অর্থনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক পরিস্থিতি এবং ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর পাবলিক অফারসংক্রান্ত বিধিমালা পর্যালোচনা ও সংশোধনের কারণে নতুন কোম্পানির আবেদন আসেনি। পরবর্তী সময়ে আইপিওর নিয়মকানুনে পরিবর্তন এবং আবেদন প্রক্রিয়ার কিছু জটিলতা কমানো হলে আবারও শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে বিভিন্ন কোম্পানি।

আবেদন করা ছয় প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে এবং একটি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছাড়ার প্রস্তাব দিয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যে শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

ছয় প্রতিষ্ঠানের মধ্যে স্ক্যান্ডেক্স (বিডি) লিমিটেডের আইপিও আবেদন বিশেষ গুরুত্ব পাচ্ছে। কোম্পানিটি তালিকাভুক্ত হতে পারলে সাত বছর পর প্রথম শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে যুক্ত হবে। কারখানার সক্ষমতা বাড়ানো এবং নতুন যন্ত্রপাতি কেনার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ৫৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়।

কোম্পানিটির প্রতিটি শেয়ারের প্রস্তাবিত মূল্য ১৩ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৩ টাকা প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মাসিক পোশাক উৎপাদন সক্ষমতা প্রায় ১৫ লাখ পিস। প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে কোম্পানিটির বার্ষিক উৎপাদন ছিল প্রায় ৩৫ লাখ পিস। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লাখ পিসে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৬০ লাখ টাকা।

এর আগে ২০১৯ সালে রিং শাইন টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠানটি ছিল সর্বশেষ আইপিওতে আসা কোম্পানি। তবে তালিকাভুক্তির পর ব্যবসা পরিচালনা ও উৎপাদন কার্যক্রমে নানা সংকটে পড়ে রিং শাইন। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কয়েকটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করলেও রিং শাইনের পর আর কোনো শতভাগ রপ্তানিমুখী পোশাক কোম্পানি আইপিওতে আসেনি।শেয়ার বাজার বিশ্লেষণ

ছয় প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি। দুটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ৪০০ কোটি টাকা তুলতে চায়। প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪২ টাকা। সংশোধিত আইপিও বিধিমালা অনুযায়ী, যোগ্য বিনিয়োগকারীরা এই নির্দেশক মূল্যের ২৫ শতাংশ বেশি বা কমের মধ্যে দর প্রস্তাব করতে পারবেন। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারের চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে।

আইপিও থেকে সংগৃহীত অর্থ দিয়ে কক্সবাজারের উত্তরাঞ্চল এবং বাগেরহাটের মোংলায় ১০০ মেগাওয়াট করে দুটি গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। পাশাপাশি ব্যাংকঋণের একটি অংশ পরিশোধ করা হবে। প্রসপেক্টাসে দেওয়া পরিকল্পনা অনুযায়ী, উত্তোলিত অর্থের ৮৩ শতাংশ জমি কেনা ও অবকাঠামো নির্মাণে, ১৫ শতাংশ ঋণ পরিশোধে এবং অবশিষ্ট ২ শতাংশ আইপিও-সংক্রান্ত খরচে ব্যয় করা হবে। আইপিও প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ১০ দিনব্যাপী রোডশোও আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২৪ সালের শুরুর দিকে টেকনো ড্রাগস বুক বিল্ডিং পদ্ধতিতে ১০০ কোটি টাকা সংগ্রহ করেছিল। এরপর নতুন করে আর কোনো বুক বিল্ডিং আইপিওর আবেদন জমা পড়েনি।

ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং আইপিওর মাধ্যমে ৭৮ কোটি টাকা সংগ্রহের আবেদন করেছে। কোম্পানিটি প্রতিটি শেয়ারের প্রস্তাবিত মূল্য নির্ধারণ করেছে ৪০ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৩০ টাকা প্রিমিয়াম। ফিক্সড প্রাইস পদ্ধতিতে এত বেশি প্রিমিয়ামসহ আইপিওতে আসার প্রস্তাব তুলনামূলক বিরল। এর আগে ২০১৬ সালে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস প্রতিটি শেয়ারে ১৯ টাকা প্রিমিয়াম নিয়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করেছিল।

পার্কওয়ে প্যাকেজিং ১ কোটি ৯৫ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজারের মূল মার্কেটে তালিকাভুক্ত হতে চায়। কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, আইপিও থেকে পাওয়া অর্থের মধ্যে ৬৫ কোটি টাকা কারখানার ভবন ও অবকাঠামো নির্মাণে, ১০ কোটি ৬৫ লাখ টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনায় এবং বাকি ২ কোটি ৩৫ লাখ টাকা আইপিও-সংক্রান্ত ব্যয়ে ব্যবহার করা হবে।

অন্যদিকে, অ্যালায়েন্স ফাইন্যান্স ৩৪ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যে আইপিও আবেদন করেছে। ২০০৩ সালে অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি নামে নিবন্ধিত প্রতিষ্ঠানটি ২০১৭ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

স্থানীয় কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান ও উদ্যোক্তার উদ্যোগে গড়ে ওঠা এই কোম্পানির উদ্যোক্তাদের মধ্যে সামিট গ্রুপ, র‌্যাংগস গ্রুপ, অ্যালায়েন্স হোল্ডিংস, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং কনসেপ্ট নিটিংয়ের প্রতিনিধিরা রয়েছেন। প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রধান শেয়ারহোল্ডার পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স পিএলসি। এটি শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত পিপলস ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান।

অর্থনীতি এর আরও খবর

img

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

প্রকাশিত :  ০৮:১৮, ১০ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা দেখা দেওয়ায় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই অবস্থানের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৯১ ডলার ৮৮ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৭ সেন্টে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিনের লেনদেনের একপর্যায়ে উভয় ধরনের তেলের দাম ১ শতাংশ পর্যন্ত কমেছিল। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। ওই দিন তেলের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

সোমবার (৯ নভেম্বর) ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতার অনুরোধের পর এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রীও রয়েছেন। হোয়াইট হাউসে আলোচনার সময় তিনি ট্রাম্পকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানান।

তবে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখলেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তেলের বাজার। হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা ঘটলেও তা নতুন করে বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরির পর্যায়ে পৌঁছায়নি।

এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, অক্টোবরে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন বেড়েছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। তবে তেল রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।

গত ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছিল। সেখান থেকে এখন পর্যন্ত দাম প্রায় ২২ শতাংশ কমেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বাড়ার আশঙ্কা কমে আসায় বাজারে এই দরপতন হয়েছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো রয়ে গেছে।