img

পুতিন ভিন্ন এক বাস্তবতায় বাস করেন : জেলেনস্কি

প্রকাশিত :  ০৫:৪৫, ১১ নভেম্বর ২০২৬

পুতিন ভিন্ন এক বাস্তবতায় বাস করেন : জেলেনস্কি

আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হয়েছে। গত ফেব্রুয়ারির পর এটিই তিন দেশের মধ্যে প্রথম বৈঠক।

এমন প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ‘ভিন্ন বাস্তবতায়’ বাস করেন এবং মার্কিন পক্ষ ইউক্রেনের প্রকৃত যুদ্ধক্ষেত্রের মূল্যায়নকে সমর্থন করেছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, আবুধাবির আলোচনায় রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের অর্ধেক অংশ দখল করে নিয়েছে। এই দাবির সমালোচনা করে জেলেনস্কি লেখেন, ‘এটাই মূল সমস্যা। পুতিন এক ভিন্ন বাস্তবতায় বাস করেন।

আমিও চাইলে এমন কাল্পনিক ছবি আঁকতে পারি যে আমি পুরো রাশিয়া দখল করে ফেলেছি, কিন্তু তা তো সত্য নয়। সবচেয়ে ভালো বিষয় হলো, যুদ্ধক্ষেত্রে বাস্তবে কী ঘটছে সে ব্যাপারে মার্কিনরা ইউক্রেনের মূল্যায়নকেই সমর্থন করেছে।’

কোপেনহেগেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, আবুধাবি আলোচনায় মার্কিন মধ্যস্থতাকারীদের দৃষ্টিভঙ্গিতে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তাতে তিনি বেশ সন্তুষ্ট। মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের শান্তি আলোচনার পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘আমি এই পরিবর্তন দেখতে পাচ্ছি এবং যা শুনছি তাতে খুব খুশি।

এখন দেখা যাক সামনে কী ঘটে।’

আলোচনার প্রথম দিনটিকে গঠনমূলক হিসেবে অভিহিত করে জেলেনস্কি আরো জানান, আবুধাবির আলোচ্যসূচিতে পুরো ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও এই ধারণার কথা উত্থাপন করেছিলেন। তবে এ বিষয়ে সতর্কতা প্রকাশ করে জেলেনস্কি বলেন, রাশিয়া আসলে ঠিক কী চায় তা শতভাগ স্পষ্ট নয়। আমেরিকানদের সঙ্গে রাশিয়ানদের ঠিক কী নথি নিয়ে আলোচনা হয়েছে, তা এখনো কেউ দেখেনি।

উল্লেখ, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। তারা কিয়েভ ও মস্কোর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন।

আন্তর্জাতিক এর আরও খবর

img

প্রথম দিনেই আইজেনকোটের চমক, বাতিল করতে যাচ্ছেন নেতানিয়াহুর একগুচ্ছ আইন

প্রকাশিত :  ০৪:৫১, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৪:৫৭, ১১ নভেম্বর ২০২৬

ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই রাজনৈতিক চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থী গাদি আইজেনকোট। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নেওয়া বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ নিয়েছে তাঁর নেতৃত্বাধীন জোট।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, এ লক্ষ্যে একাধিক বিল জমা দিয়েছেন বিরোধী নেতা আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের দলগুলো। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়।

আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, তারা নেতানিয়াহু সরকারের পাশ করা বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে।

পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (হারেদি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তার দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।

বিরোধী জোটের জমা দেওয়া বিলগুলোর বড় অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের আওতায় পাশ হওয়া আইন বাতিলের লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের দাবি, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন। একই সঙ্গে এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।

বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে তাদের জায়গায় সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবী রাখার বিধান করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।

২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাশ করা হয়েছিল।

আন্তর্জাতিক এর আরও খবর