img

গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত :  ১৮:২৮, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬: গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গোপালগঞ্জ জেলায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সাথে অর্পিত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছেন।

img

সোনার হার ও কানের দুলের জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে, জিডি করতে গিয়ে ছেলে আটক

প্রকাশিত :  ০৫:০৩, ১৮ নভেম্বর ২০২৬

নিহত মতিফুল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনার হার ও কানের দুলের জন্য মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ বাড়ির একটি ট্রাঙ্কে লুকিয়ে রাখেন তিনি। এ ঘটনায় নিহত নারীর ছোট ছেলে আশরাফ আলী (২৪), তার বন্ধু রাহিম ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের একটি বাড়ির ট্রাঙ্ক থেকে মতিফুল (৬০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তিনি ওই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, আশরাফ পেশায় রাজমিস্ত্রি। প্রায়ই নানা কারণে টাকা চেয়ে মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। এ নিয়ে মাকে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আশরাফ বিভিন্ন মাদক গ্রহণ করেন। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আশরাফ ও তার বন্ধু রাহিমের স্বীকারোক্তি অনুযায়ী, গত সোমবার বাড়িতে মা ছাড়া আর কেউ ছিলেন না। দুপুরে আশরাফ মায়ের গলার সোনার হার ও কানের দুল তার কাছে দিয়ে দিতে চাপ দেন। মা রাজি না হলে রাহিমকে সঙ্গে নিয়ে তার গলায় ওড়না পেঁচিয়ে এবং মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন।

পরে দুজন মিলে বস্তায় ভরে মরদেহটি বাড়ির একটি বড় ট্রাঙ্কে লুকিয়ে রাখেন। এরপর মায়ের গলা থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার খুলে নিয়ে পাশের মৈত্র বড়হর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করেন বলে পুলিশ জানায়।

ওসি আরও জানান, মঙ্গলবার রাতে আশরাফ ও রাহিম থানায় গিয়ে মতিফুলের নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। তবে জিডি করার বিষয়ে তাদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা ও দ্বিধাদ্বন্দ্ব চলতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

এদিকে, পরিবারের সদস্যরা বাড়ির ঘর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে। আশরাফ ও রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতেই স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকেও আটক করা হয়।

ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।