img

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

প্রকাশিত :  ১৩:১৯, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৪০, ২৩ নভেম্বর ২০২৬

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সংগঠনটির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ ও শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর সাঁড়া এলাকায় পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন।

জাতীয় এর আরও খবর

বৈঠক শেষে নাহিদ ইসলাম

img

জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১২:২৫, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৪০, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বৈঠকে প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে কনসার্ন ব্যক্ত করেছেন। ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ

এনসিপির আহ্বায়ক বলেন, গত কয়েকদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, জনগণের নিরাপত্তা ব্যাপক বিঘ্নিত হয়েছে। যার ভুক্তভোগী সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বসহ সবাই হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতির কীভাবে উত্তরণ ঘটানো সম্ভব, রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা, এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে কনসার্ন ব্যক্ত করেছেন। ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদেও উনি বলেছেন।

এনসিপির অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, আমরা আমাদের জায়গা থেকে বলেছি, বর্তমান পরিস্থিতি একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত ৭-৮ মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাই ঐক্য প্রশ্নে সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ফলে ঐক্য প্রক্রিয়ায় সংস্কার যেন এজেন্ডা হয়, এর সুপারিশ আমরা জানিয়েছি। যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি হয়েছে, সেটি সংস্কার প্রক্রিয়া, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিলের আহ্বান জানিয়েছি। যেভাবে গণভোটে রায় এসেছে, সে অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে বলেছি।

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না। আমরা তাদের ৫ আগস্টেই পরাজিত করেছি। এই লড়াই ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে লড়াই। ভারত আওয়ামী লীগ এবং তাদের নানা ধরনের অ্যাসেট ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে ভারতীয় আধিপত্য মোকাবিলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই আহ্বান আমরা জানিয়েছি।

জাতীয় এর আরও খবর