img

অভিনয়ে তৃপ্তি খুঁজছেন শর্বরী

প্রকাশিত :  ০৮:১৭, ২৮ নভেম্বর ২০২৬

অভিনয়ে তৃপ্তি খুঁজছেন শর্বরী

অভিনেত্রী শর্বরী ওয়াঘ ‘বান্টি অউর বাবলি-২’ সিনেমায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়ানোর পাশাপাশি নির্মাতাদের নজর কেড়েছিলেন। সে সময় প্রযোজকদের অনেকে মন্তব্য করেছিলেন, আগামী দিনের বড় তারকা হতে চলেছেন এই তরুণ অভিনেত্রী। কিন্তু ‘বান্টি অউর বাবলি-২’র পর ‘মুনিয়া’ ও ‘মহারাজ’ সিনেমায় অভিনয় করে তেমন কোনো সাফল্য পাননি।

একইভাবে বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘ভেদা’ও বলিউড বক্স অফিসে আলোড়ন তুলতে পারেনি। সর্বশেষ ওম্যান স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমাও আশার আলো দেখাতে পারেনি এই অভিনেত্রীকে। তবু হাল ছাড়েননি শর্বরী। অভিনয়ের বিষয়ে বদলে ফেলেছেন নিজস্ব ভাবনা। বড় ব্যানার আর তারকা সহশিল্পীর দিকে নজর না দিয়ে প্রতীক্ষা করে গেছেন কাঙ্ক্ষিত চরিত্রের।

অবশেষে তেমনই এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেও দেরি হয়নি, যেটি থাকছে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সুরুজ বরজাতিয়ার ‘এ প্রেম মোল লিয়া’ সিনেমায়। এতে শর্বরী অভিনয় করেছেন পূর্বা নামে নারী চরিত্রে; যে চরিত্রের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল তাঁর।

এ নিয়ে এক সাক্ষাৎকারের শর্বরী ওয়াঘ বলেছেন, ‘অভিনয় ক্যারিয়ারের জোয়ার-ভাটার মতো। কখনও সাফল্য আসে, কখনও পেতে হয় ব্যর্থতার স্বাদ। কিন্তু কেউ যদি অভিনয়ের জন্য তাঁর কাঙ্ক্ষিত চরিত্র খুঁজে পান, তাহলে আসে শিল্পীজীবনে প্রশান্তি। অবশেষে তেমনই এক চরিত্রে কাজের সুযোগ এসেছে সুরুজ বরজাতিয়ার হাত ধরে। এই নির্মাতার ‘এ প্রেম মোল লিয়া’ সিনেমায় ‘পূর্বা’ চরিত্রে অভিনয়ে অন্যরকম এক আনন্দ পেয়েছি। পূর্বা একেবারে আজকের মেয়ে। মুম্বাইয়ে থাকে, কাজ করে, নিজের এবং পরিবারের জন্য উপার্জন করে।’

তিনি বলেন,আমার মনে হয়, এই চরিত্রটি সব বয়সের মেয়েদের ও মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে। বিশেষ করে, আমার মনে হয় এটি আমার করা অন্যতম প্রগ্রেসিভ সিনেমা। পূর্বা নিজের বিশ্বাস ও মতামতের পক্ষে দাঁড়ায়। তবে সে পরিবারের প্রত্যেকের ভালোবাসা ও স্বীকৃতিও চায়। শুধু নিজের পরিবার নয়, দুই পরিবারেরই– ছেলে ও মেয়ের দিকের প্রত্যেকের অনুভূতিকে সে সম্মান করে। আমার মনে হয়, আজকের প্রজন্মের অনেক মেয়েই এই বিষয়টার সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবে। আমিও পেয়েছি।’

img

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

প্রকাশিত :  ১৩:১৬, ২৭ নভেম্বর ২০২৬

জনপ্রিয় র‍্যাপার-গায়িকা রেবল মঞ্চে নেচে নেচে গান গাইছিলেন । ঠিক সে সময় ড্রোন এসে তার মুখে ধাক্কা মারে। এ ঘটনায় হতচকিত হয়ে পড়েন এ গায়িকা। এরপরেই কোনো কথা না বলে মঞ্চ ছেড়ে চলে যান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা যায়, জনপ্রিয় গায়িকা র‍্যাপার-গায়িকা রেবল মঞ্চে লাফিয়ে ও নেচে ‘রান ডাউন দ্য সিটি’ গানটি গাইছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি ড্রোন হঠাৎ এসে তার মুখে সজোরে আঘাত করে মাটিতে পড়ে যায়।

হঠাৎ এই আঘাতে র‍্যাপার ভীষণ চমকে যান রেবল। তিনি কিছুক্ষণ মঞ্চে চুপচাপ দাঁড়িয়ে থাকেন এবং এরপর মঞ্চ ছেড়ে চলে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাটি নিয়ে রেবল তার কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

কে এই রেবল?

রেবলের প্রকৃত নাম দায়াফি লামারে। মেঘালয়ে জন্ম নেওয়া এই শিল্পী ছোটোবেলা থেকেই সংগীতের প্রতি আকৃষ্ট ছিলেন এবং নিজেই গানের কথা লিখে র‍্যাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

২০১৯ সালে তাঁর প্রথম একক গান ‘ব্যাড’ প্রকাশিত হয়। এরপর তিনি ‘রিজনস’, ‘প্রেয়িং ম্যান্টিস’ এবং ‘ম্যানিফেস্ট’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দেন।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার গানের মাধ্যমে বলিউডে তার বড় সাফল্য আসে। সিনেমাটির ‘রান ডাউন দ্য সিটি: মনিকা’, ‘নাল নাচনা’ এবং ‘মুভ - ইয়ে ইশক ইশক’ গানে তিনি কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি সুরকার শাশ্বত সচদেবের সঙ্গে যৌথভাবে গানগুলোর কথাও লিখেছেন তিনি।

বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও পরবর্তীতে র‍্যাপিংকেই পেশা হিসেবে বেছে নেন রেবল। বিখ্যাত র‍্যাপার এমিনেমকে তিনি তাঁর অন্যতম বড় অনুপ্রেরণা মনে করেন।

সাম্প্রতিক কাজ

গত ১২ নভেম্বর রেবলের নতুন ইপি অ্যালবাম ‘25IN26’ মুক্তি পেয়েছে। অ্যালবামটি প্রকাশের পর ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, তার প্রিয় মানুষদের সঙ্গে নিয়েই তিনি এটি তৈরি করেছেন।

ওই পোস্টে রেবল লেখেন, আমি আমার প্রিয় মানুষদের নিয়ে এটি তৈরি করেছি, যারা সংগীতের মাধ্যমে আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। আমার তৈরি এই সংগীত এবং এর প্রভাব ছাড়া পৃথিবীকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই। আমি এই মাধ্যমের ভেতর দিয়েই নিজের উপস্থিতিকে অমর করে রাখতে চাই।